মধ্যপ্রাচ্যে সঙ্গে কার্গো সেবা স্থগিত করছে চীন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০২:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় কয়েকটি উপসাগরীয় দেশের সঙ্গে কার্গো পরিবহন সেবা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে চীন। সৌদি আরব ও কাতারসহ কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে। এ তথ্য জানিয়েছে আনাদালু এজেন্সি।
চীনের রাষ্ট্রায়ত্ত শিপিং প্রতিষ্ঠান কসকো শিপিং লাইন্স জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি বাড়ায় গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব রুটে নতুন বুকিং অবিলম্বে বন্ধ করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বিশ্বের অন্যতম বড় তেল ট্যাঙ্কার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো এমন সময় এই সিদ্ধান্ত নিয়েছে, যখন বিশ্বের বেশ কয়েকটি বড় শিপিং কোম্পানিও একই প্রণালী দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে।
সোমবার ইরান ঘোষণা দেয়, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি আর দেওয়া হবে না। কোনো জাহাজ সেখানে দিয়ে যাওয়ার চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে বলেও হুঁশিয়ারি দেয় দেশটি।
আরো পড়ুন : ২০ গুণ শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্রের
ইরানের ওই সতর্কবার্তার পর এক বিবৃতিতে কসকো জানায়, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত এবং হরমুজ প্রণালীতে সামুদ্রিক চলাচলের ওপর আরোপিত সীমাবদ্ধতার কারণেই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
এই স্থগিতাদেশের আওতায় বাহরাইন, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের কিছু বন্দরের উদ্দেশে নতুন বৈশ্বিক বুকিং গ্রহণ বন্ধ থাকবে। একই সঙ্গে কাতার, বাহরাইন, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের কিছু অঞ্চল থেকে পাঠানো পণ্য পরিবহনও সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
তবে কিছু আঞ্চলিক বন্দর এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে, কারণ সেগুলোতে যেতে হরমুজ প্রণালী অতিক্রম করতে হয় না। কসকো জানিয়েছে, সৌদি আরবের জেদ্দা বন্দর এবং সংযুক্ত আরব আমিরাতের খোর ফাক্কান ও ফুজাইরাহ বন্দরে তাদের কার্গো সেবা স্বাভাবিকভাবে চালু থাকবে।
