নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৩:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরখান থানার অন্তর্গত আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মো. মাসুদ (২৬) নামের এক চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১১টায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত সাড়ে ১২টায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন: রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮
নিহত মাসুদকে হাসপাতালে নিয়ে আসা তার বোন আমেনা বেগম জানান, ‘তার ভাই পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। গত রাত আনুমানিক ১১টার দিকে আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় রিকশা চালিয়ে যাওয়ার সময় হঠাৎ অটোরিকশাটি উল্টে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে খবর পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরো বলেন, ‘তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা থানার বিন্নাকুড়ি গ্রামে; বাবার নাম মো. চান মিয়া। মাসুদ বর্তমানে উত্তরখান আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। এক ভাই ও এক বোনের মধ্যে মাসুদ এক সন্তানের জনক ছিলেন।’
আরো পড়ুন: রাজধানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘নিহতের মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছিল। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।’
