ইরানের দুই দ্বীপে মার্কিন বিমান হামলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৬, ০১:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
পারস্য উপসাগরে অবস্থিত ইরানের গোরুক ও কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। সোমবার (১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।
সেন্টকোম জানায়, দ্বীপ দুটিতে ইরানের প্রতিরক্ষা বাহিনীর স্থাপিত রাডার ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রকে লক্ষ্য করে এ হামলা পরিচালনা করা হয়েছে। তাদের দাবি, রোববার ইরানের প্রতিরক্ষা বাহিনী যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করেছিল। এরই পাল্টা জবাব হিসেবে গোরুক ও কেশম দ্বীপে অভিযান চালানো হয়। খবর এএফপি, এনডিটিভি অনলাইনের।
মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী, হামলায় ইরানের একটি এয়ার ডিফেন্স সিস্টেম, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন ধ্বংস হয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
আরো পড়ুন : ইরানের বিরুদ্ধে যুদ্ধে গোপনে অংশ নিয়েছিল আমিরাত
এমন এক সময়ে এই হামলার ঘটনা ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তি নিয়ে আলোচনা নতুন করে গতি পেয়েছে।
ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দীর্ঘদিনের উত্তেজনার ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। প্রায় ৪০ দিনের সংঘাতের পর ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যা এখনো কার্যকর রয়েছে।
তবে যুদ্ধবিরতির মধ্যেও দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। গত সপ্তাহে হরমুজ প্রণালিতে একটি মার্কিন পতাকাবাহী ট্যাংকারকে লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার অভিযোগ ওঠে। এর জবাবে ইরানের বন্দর শহর বন্দর আব্বাসে একটি ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী।
পরে এর প্রতিক্রিয়ায় কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
