চুক্তিবিরোধী বিক্ষোভে উত্তাল ইরান, নিশানায় আরাগচি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০১:২৭ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতা চুক্তিকে কেন্দ্র করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন একদল ইরানি নাগরিক। শনিবার (১৩ জুন) রাতে টেলিভিশনে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা নিয়ে সাক্ষাৎকার দেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। মাসহাদে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন।
বার্তাসংস্থা ফার্স নিউজ প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কালো চাদর পরিহিত এক নারী ‘অনুপ্রবেশকারী বেঈমান আরাগচির মৃত্যু হোক’ স্লোগান দিচ্ছেন। এ সময় তার হাতে কালো ও লাল পতাকা ছিল।
বিক্ষোভকারীদের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে শর্তে চুক্তির আলোচনা চলছে, তা ইরানের জাতীয় স্বার্থের পরিপন্থী। তাদের আশঙ্কা, এই সমঝোতার ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে যেতে পারে। একই সঙ্গে তারা অভিযোগ করেন, আলোচনায় ইরানি প্রতিনিধিরা অতিরিক্ত ছাড় দিচ্ছেন।
এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, রোববারই ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হতে পারে। তবে তেহরান সেই দাবি নাকচ করেছে। ট্রাম্পের বক্তব্যের পর দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়।
শনিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি রোববার স্বাক্ষরিত হবে। তিনি বলেন, চুক্তি কার্যকর হলে হরমুজ প্রণালিতে সব ধরনের নৌ চলাচল নির্বিঘ্ন হবে। আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও চুক্তি স্বাক্ষর নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
আরো পড়ুন : ট্রাম্পের চুক্তি ঘোষণা নিয়ে তেহরানের সংশয়
তবে ইরান সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত সমঝোতার ঘোষণা দেওয়া হয়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, রোববার চুক্তি স্বাক্ষরের কোনো পরিকল্পনা নেই। তবে আগামী কয়েক দিনের মধ্যে একটি সমঝোতা হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।
এদিকে ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যায়, হাজারো মানুষ রাস্তায় নেমে সরকারের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন।
তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের একটি অংশ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির পদত্যাগ দাবি করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের সমঝোতার বিরোধিতা জানায়।
