চলতি সপ্তাহেই পাকিস্তানে ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:৫৭ এএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলতি সপ্তাহেই পাকিস্তানে দুই দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে নতুন দফার এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।
শনিবার (৪ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১১ জুলাই পাকিস্তানের আয়োজনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, এবারের আলোচনায় ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা, জব্দ করা ইরানি সম্পদ এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি প্রধান আলোচ্য বিষয় হবে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন প্রক্রিয়া শেষ হওয়ার পর দেশটির প্রতিনিধিদল চূড়ান্ত করা হবে।
আরো পড়ুন : খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত, জনসমুদ্র তেহরানের মোসাল্লায়
এর আগে গত ১৮ জুন ইরান ও যুক্তরাষ্ট্র লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করে।
এর ধারাবাহিকতায় ২২ জুন সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। তার আগের দিন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
এদিকে গত বুধবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা মার্কিন ও ইরানি আলোচকদের সঙ্গে পৃথক বৈঠক সম্পন্ন করেছেন। এসব বৈঠকে সমঝোতা স্মারক-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
তিনি আরো বলেন, উভয় পক্ষ আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে এবং পরবর্তী বৈঠকের তারিখ দ্রুত নির্ধারণ করা হবে।
