×

মধ্যপ্রাচ্য

ফের ইরানের বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:১৪ পিএম

ফের ইরানের বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ওয়াশিংটন সময় মঙ্গলবার বিকেল ৪টা থেকে ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় পুনরায় নৌ অবরোধ কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী এ নৌ অবরোধ কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন নৌবাহিনীর ২০টির বেশি যুদ্ধজাহাজ এবং শতাধিক সামরিক উড়োজাহাজ অভিযান পরিচালনা করছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মার্কিন বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়। খবর রয়টার্সের।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দেয়।

বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়।

গত মার্চ থেকে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিলে এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় নৌ অবরোধ জারি করে। এতে ইরানের বন্দরগুলোতে পণ্যবাহী জাহাজের প্রবেশ ও প্রস্থান কার্যত বন্ধ হয়ে যায়।

আরো পড়ুন : নতুন মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের ১৩০ মিলিয়ন ডলার জব্দ

পরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে জুন মাসে সেই নৌ অবরোধ প্রত্যাহার করা হয়।

তবে সমঝোতা হলেও দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা পুরোপুরি বন্ধ হয়নি। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে এবং বিচ্ছিন্নভাবে সামরিক অভিযান চালিয়ে যায়।

গত সপ্তাহে ট্রাম্প সমঝোতা স্মারকের আওতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি বাতিল ঘোষণা করেন। এরপর চলতি সপ্তাহের শুরুতেই তিনি পুনরায় নৌ অবরোধ কার্যকরের ঘোষণা দেন।

এদিকে শুধু নৌ অবরোধই নয়, মঙ্গলবার টানা চতুর্থ রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরান যদি আবার আলোচনার টেবিলে না ফেরে, তাহলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুগুলোতে হামলা চালানো হতে পারে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা আরো দুর্বল করতেই নতুন করে এসব সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর এখন পর্যন্ত কয়েক হাজার মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।

এদিকে বুধবার ভোরে ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা জর্ডানের আজরাক ঘাঁটিতে থাকা মার্কিন অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

অন্যদিকে ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, তারা বাহরাইন ও কুয়েতে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংরক্ষণাগার লক্ষ্য করেও হামলা চালিয়েছে।

তবে রয়টার্স জানিয়েছে, এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর

বিষাক্ত মদ পানে প্রাণ গেল ৯ জনের

বিষাক্ত মদ পানে প্রাণ গেল ৯ জনের

এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যার রহস্য উদঘাটন

এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যার রহস্য উদঘাটন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App