ইরানে মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাব তেহরানের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৮:২৮ এএম
ছবি : সংগৃহীত
ইরানের বিভিন্ন স্থানে টানা দশম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সিরিক, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, চাবাহার ও কোনারাক এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে পাল্টা প্রতিক্রিয়ায় কুয়েতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় ইরানকে ‘অনেক বড় মূল্য’ দিতে হবে। যুক্তরাষ্ট্রের দাবি, গত এক সপ্তাহে অন্তত তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন। খবর আল জাজিরার।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইরানের হামলার সক্ষমতা দুর্বল করার অংশ হিসেবে সর্বশেষ এই সামরিক অভিযান চালানো হয়েছে।
আরো পড়ুন : সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা
এক বিবৃতিতে সেন্টকম জানায়, সর্বশেষ হামলায় ইরানের সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, নৌ সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তু করা হয়েছে।
অন্যদিকে, ইরানের সেনাবাহিনী দাবি করেছে, সাম্প্রতিক ঘণ্টাগুলোতে তারা কুয়েতের ক্যাম্প আরিফজানে মোতায়েন থাকা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।
এদিকে, ওমান উপকূলের কাছে আরো একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এতে আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা এবং জ্বালানি পরিবহন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
অপরদিকে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধের ঘোষণা দিয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় আরো চাপ সৃষ্টি হতে পারে।
