লোহিত সাগরে হামলা, জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৮:৪০ এএম
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত
লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পুনরায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি অবিলম্বে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ করেছেন।
স্থানীয় সময় শুক্রবার (২৪ জুলাই) নিউইয়র্কে সাংবাদিকদের এ তথ্য জানান জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক। তিনি বলেন, সাম্প্রতিক এসব হামলা ইয়েমেনকে আরো গভীরভাবে আঞ্চলিক সংঘাতে জড়িয়ে ফেলতে পারে। একই সঙ্গে দেশটিতে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি অর্থনৈতিক, মানবিক ও পরিবেশগত ক্ষেত্রেও গুরুতর প্রভাব পড়তে পারে।
দুজারিক বলেন, বাব আল-মান্দেব প্রণালি এবং এর আশপাশের জলপথে আন্তর্জাতিক নৌ-চলাচলের অধিকার ও স্বাধীনতা দ্রুত ও সম্পূর্ণভাবে পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি।
বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্যবাহী জাহাজ চলাচল করে। ফলে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
আরো পড়ুন : সৌদি যুবরাজের মৃত্যু হয় মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে
