ট্রাম্পের ছেলের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা করলো ইরান
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৩:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারকে ঘিরে ইরান-সমর্থিত গণমাধ্যমে নতুন করে হুমকিমূলক প্রচারণা সামনে এসেছে। ট্রাম্পের ২০ বছর বয়সী ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার পরিকল্পনা নিয়ে একটি আতঙ্কজনক ভিডিও প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন প্রতিবেদনে তার মাথার দাম ১ কোটি ডলার নির্ধারণের দাবি করা হলেও এ তথ্যের স্বাধীন কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।
সোমবার (২৪ আগস্ট) ইউরোনিউজের অনুবাদ করা এক প্রতিবেদনের বরাতে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ‘কোথায় ব্যারন ট্রাম্পকে হত্যা করা হবে’—এমন শিরোনামে প্রায় তিন মিনিটের একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওতে দাবি করা হয়, মার্কিন প্রেসিডেন্টের ছোট ছেলে ব্যারন ট্রাম্পের চলাফেরার ওপর ‘পূর্ণ নজরদারি’ রাখা হচ্ছে।
ভিডিওটিতে নিউইয়র্ক ইউনিভার্সিটির কন্সট্যান্স মিলস্টেইন অ্যান্ড ফ্যামিলি গ্লোবাল একাডেমিক সেন্টারের ডরমিটরির বিভিন্ন দৃশ্যও দেখানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিউইয়র্ক পোস্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওতে দাবি করা হয়েছে যে ব্যারন ট্রাম্পের এক্সবক্স, ফিফা গেম এবং ডিসকর্ড অ্যাকাউন্ট হ্যাক করে তাঁর অবস্থান শনাক্ত করা হয়েছে। এমনকি তাঁর দুই সহপাঠীর নামও প্রকাশ করা হয়েছে বলে দাবি করা হয়।
তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। একইভাবে ব্যারন ট্রাম্পকে হত্যার জন্য ইরান সরকার ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে—এমন দাবিরও নির্ভরযোগ্য স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল বাওয়াবার প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন মিডিয়া চ্যানেলে ব্যারন ট্রাম্পকে নিয়ে ওই ভিডিও প্রচার করা হয়েছে।
ট্রাম্প পরিবারের সদস্যদের নিয়ে ইরান-সমর্থিত গণমাধ্যমে এর আগেও হুমকিমূলক প্রচারণা চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীরা হিজাব পরতে পারবে না
গত জুলাইয়ে আইআরজিসি-সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সি মেলানিয়া ট্রাম্পকে হত্যার হুমকিসংবলিত একটি ভিডিও প্রকাশ করেছিল বলে দাবি করা হয়। একই সময় তেহরানের ইসলামিক রেভল্যুশন স্কয়ারে ট্রাম্পের কফিনের ছবি সংবলিত একটি বিলবোর্ড স্থাপনের কথাও প্রতিবেদনে উঠে এসেছে।
এ ছাড়া ট্রাম্পের ফ্লোরিডা ও নিউইয়র্কের বাসভবনে যাতায়াতের সময় তাঁর মোটরকেডের সম্ভাব্য পথ নিয়েও ইরান-সমর্থিত গণমাধ্যমে হুমকিমূলক ভিডিও প্রচারের দাবি করা হয়েছে।
২০২০ সালের জানুয়ারিতে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর থেকেই ওয়াশিংটন ও তেহরানের সম্পর্কের তীব্র অবনতি ঘটে।
এরপর দুই দেশের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা আরও বাড়তে থাকে। সম্প্রতি ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক চাপ বৃদ্ধির উদ্যোগও দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রশাসন ইরানের অর্থনীতির ওপর চাপ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। এর প্রভাব হিসেবে ইরানি মুদ্রা রিয়ালের দরও ব্যাপকভাবে কমে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
তবে ব্যারন ট্রাম্পকে ঘিরে প্রকাশিত ভিডিও, কথিত নজরদারি এবং ১ কোটি ডলার পুরস্কারের দাবির বিষয়ে এখন পর্যন্ত স্বাধীনভাবে নিশ্চিত তথ্য না থাকায় বিষয়টিকে অযাচাইকৃত হুমকি ও প্রচারণা হিসেবেই দেখা হচ্ছে।
