স্বামীর দ্বিতীয় বিয়ের খবর, তারপর যা করলেন গৃহবধূ
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৮:১৫ পিএম
ফাইল ছবি
স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শোনার পর অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন নেত্রকোনার মদনের রুনা রানী তালুকদার। এরপর গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন ২৫ বছর বয়সী এই গৃহবধূ।
শনিবার ভোররাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত রুনা রানী তালুকদার উপজেলার মাঘান ইউনিয়নের চত্রমপুর গ্রামের জীবন চন্দ্র তালুকদারের মেয়ে।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, খালিয়াজুরী উপজেলার পাতরা গ্রামের আনন্দ বিশ্বাসের ছেলে বিশ্বজিৎ বিশ্বাসের সঙ্গে রুনা রানীর বিয়ে হয়। কিছুদিন পর যৌতুকের দাবি নিয়ে দাম্পত্য কলহ সৃষ্টি হলে রুনা তার স্বামীর বিরুদ্ধে আদালতে যৌতুক মামলা দায়ের করেন এবং বাবার বাড়ি চত্রমপুরে আশ্রয় নেন।
আরও পড়ুন: খাল খননে অনিয়ম, দেড় কোটি টাকা ফেরত দিতে বাধ্য হল প্রশাসন
গত ২০ আগস্ট রুনা রানী জানতে পারেন যে তার স্বামী বিশ্বজিৎ বিশ্বাস তাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। এই খবর পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং ২১ আগস্ট ভোরে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন। পরিবারের সদস্যরা প্রথমে তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ আগস্ট ভোররাতে তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই অসীম তালুকদার জানান, "আমার বোন যৌতুক নির্যাতনের বিচার চেয়ে আগেই আদালতে মামলা করেছিল। স্বামীর দ্বিতীয় বিয়ের খবর সহ্য করতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নেয়। পরিবারের সবার সাথে আলোচনা করে আমরা নতুন করে আইনি ব্যবস্থা নেব।"
মদন থানার তদন্ত কর্মকর্তা অসীম কুমার জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
