১৬ বস্তায় ৯০০ কেজি ঘোড়ার মাংস, তারপর যা হলো
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৮:৫০ পিএম
ছবি: সংগৃহীত
জামালপুরে পিকআপে করে নেওয়ার সময় ১৬ বস্তায় ৯০০ কেজি ঘোড়ার মাংসসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের মিরাপুর এলাকা থেকে মাংসের চালানসহ তাঁদের আটক করা হয়। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নরুন্দি থানার ইনচার্জ মো. নাজমুল হক জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের মিরাপুর এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপে করে ১৬ বস্তায় ৯শ’ কেজি ঘোড়ার মাংস বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় আটক করা হয়। এ সময় ঘোড়ার মাংসের বিক্রেতা, ক্রেতা ও পরিবহনের অভিযোগে ৫ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ঘোড়ার মাংস বিক্রেতা টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকড়ি উত্তরপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে মো: হুমায়ুন (৪০), মাংসের ক্রেতা টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চরদুবারকান্দি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আলফাজ (৪২) ও একই এলাকার মো: নুরুল ইসলামের ছেলে মো: শহিদ (৩৫), পিকআপের চালক জামালপুরের সরিষাবাড়ী উপজেলার হাইঞ্চারচর এলাকার রমজান আলীর ছেলে মো: জুয়েল (২৬) এবং হেলপার শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার আমির হোসেনের ছেলে মো: তাসির মিয়া (২৫)।
আরও পড়ুন: খাল খননে অনিয়ম, দেড় কোটি টাকা ফেরত দিতে বাধ্য হল প্রশাসন
জানা গেছে, চক্রটি ঘোড়ার মাংস জামালপুরসহ বিভিন্ন জেলার হোটেল-রেস্তোরাঁয় বিক্রি করতো। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমান হোসেন আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ঘোড়ার মাংস বিক্রেতা ও দুই ক্রেতাকে ৬ মাস এবং পিকআপের চালক ও হেলপারকে ২ মাসের কারাদণ্ডসহ ১ লাখ ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আটককৃত ঘোড়ার মাংস মাটিতে পুঁতে দেওয়া হয়।
