পুড়ে ছাই হলো গৌরীপুরের ঝলমল সিনেমা হল
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ এএম
গৌরীপুরে আগুনে পুড়ে গেছে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল। ছবি: সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল ও আশপাশের ১৫ থেকে ২০টি দোকান।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে পৌর শহরের ঝলমল সিনেমা হলসংলগ্ন এলাকায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: ১০টি এয়ারবাস কিনছে বিমান, চুক্তি সই আজ
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, সিনেমা হলের পাশে থাকা এলপিজি সিলিন্ডারের গোডাউন, ডেকোরেশন ও পুরোনো কাপড়ের দোকানসহ ১৫ থেকে ২০টি দোকান আগুনে পুড়ে গেছে।
তিনি বলেন, ‘এলপিজি সিলিন্ডারের গোডাউন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
স্থানীয়রা জানান, ঝলমল সিনেমা হলটি একটি পুরোনো জমিদার বাড়িতে স্থাপিত হয়েছিল। আগুনে সিনেমা হল ও দোকানগুলোতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিরূপণ করা সম্ভব হয়নি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
