×

জাতীয়

সেই বৃদ্ধই কি মোসলেউদ্দিন? করা হচ্ছে ডিএনএ পরীক্ষা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ১২:৪৯ পিএম

সেই বৃদ্ধই কি মোসলেউদ্দিন? করা হচ্ছে ডিএনএ পরীক্ষা

খুনি মোসলেউদ্দিন

পশ্চিমবঙ্গ থেকে রবিবার মধ্যরাতে উত্তর ২৪ পরগনার বেরি গোপালপুর সীমান্ত দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘাতক রিসালদার (বরখাস্ত) মোসলেউদ্দিনকে বাংলাদেশি গোয়েন্দাদের হাতে তুলে দেয় ভারতীয় গোয়েন্দারা। সত্তরোর্ধ্ব এই বৃদ্ধ বঙ্গবন্ধুর খুনি কিনা তা নিশ্চিত হতে তার ডিএনএ পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশি গোয়েন্দা সূত্র। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার প্রকাশিত এক খবরে জানিয়েছে, প্রায় ৪৮ ঘণ্টা যৌথ জেরায় মোসলেউদ্দিনকে মুজিব-ঘাতক বলেই মনে হয়েছে ভারতীয় গোয়েন্দাদের। কিন্তু তার পরেও পরিচয় নিশ্চিত হতে বাংলাদেশে বসবাসকারী মোসলেউদ্দিনের নিকট আত্মীয়দের জিনের সঙ্গে তার জিন মিলিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দাদের দাবি, পরিচয় নিশ্চিত না-হলে ওই বৃদ্ধকে যাতে পশ্চিমবঙ্গে ফিরিয়ে দেওয়া যায়, সেই কারণেই হস্তান্তরের গোটা বিষয়টি বেসরকারি বোঝাপড়ার স্তরে করা হয়েছে। সম্প্রতি আটক করে ফাঁসিতে ঝোলানো বঙ্গবন্ধুর আরেক ঘাতক ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদকে জেরার পরেই চার দশক ধরে গা ঢাকা দেওয়া মোসলেউদ্দিনের খোঁজ মেলে বলে বাংলাদেশের গোয়েন্দা সূত্রে দাবি। মাজেদের মতো সেও পশ্চিমবঙ্গে গা-ঢাকা দিয়ে রয়েছে বলে দাবি বাংলাদেশের গোয়েন্দাদের। এই মোসলেউদ্দিনের গুলিতেই ১৯৭৫-এর ১৫ অগস্ট শেখ মুজিব নিহত হন। পরে ওই বছর ২ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে ঢুকে সেনাদের যে দলটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং তিন মন্ত্রী মুহাম্মদ মনসুর আলি, সৈয়দ নজরুল ইসলাম এবং মুহাম্মদ কামরুজ্জামানকে গুলি করার পরে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে, মোসলেউদ্দিন তাতেও ছিল। সুপ্রিম কোর্ট ২০০৯-এর নভেম্বরে মোসলেউদ্দিন-সহ ১২ জনের ফাঁসির রায় বহাল রাখে। কিন্তু অতীতে বেশ কয়েকবার গোয়েন্দাদের জাল কেটে পালায় চতুর এই ঘাতক। সূত্রে জানা গেছে, লকডাউনের মধ্যে সম্ভাব্য মোসলেউদ্দিনের খবর পেয়ে বাংলাদেশি গোয়েন্দারা দিল্লিতে ভারতীয় গোয়েন্দাদের শীর্ষ কর্তাদের জানান। সেই তথ্যের ভিত্তিতে গত শুক্রবার উত্তর চব্বিশ পরগনার একটি আধাশহর থেকে এই বৃদ্ধকে ধরে একটি গোপন জায়গায় জেরা শুরু করেন ভারতীয় গোয়েন্দারা। ডেকে নেওয়া হয় বাংলাদেশি গোয়েন্দা কর্মকর্তাদেরও। তার পরেই পরিচয় নিশ্চিত করার জন্য বাংলাদেশি গোয়েন্দাদের হাতে বৃদ্ধকে তুলে দেওয়া হয়েছে বলে ভারতীয় গোয়েন্দাদের একটি সূত্র জানিয়েছে।

আরো পড়ুন-

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২

রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ: একজন নিহত, আহত ৩০

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ: একজন নিহত, আহত ৩০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App