ব্রেকিং
সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৭:২৫ পিএম
সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নৌ-পথে পালানোর সময় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। নিউমার্কেট থানায় রুজুকৃত মামলায় তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সেই সঙ্গে তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছেন। অনেক নেতা দেশ ছেড়েছেন বলে খবর পাওয়া গেছে। এরই মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ।
২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা) থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন আইনজীবী আনিসুল হক। সেই থেকে আইনমন্ত্রী ছিলেন তিনি।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা সালমান এফ রহমান। ২০১৮ সালের নির্বাচনে ঢাকা-১ আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন তিনি। পরে তাকে বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
