মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট (ভিডিও)
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৪২ এএম
রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের সাত নম্বর ভবনে বুধবার দিবাগত রাতে আগুন লাগে
মধ্যরাতে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। বুধবার দিবাগত রাতে আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করলেও, পরে বাড়িয়ে ১৮টি করা হয়।
সরেজমিনে দেখা গেছে, কালো ধোঁয়ায় ঢেকে গেছে পুরো সচিবালয় এলাকা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের উপস্থিতি দেখা গেছে। ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তা করছেন তারা।

রাত সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, বর্তমানে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। তিনি আরো বলেন, এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী— আগুনের আকার বড় বলে মনে হচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সচিবালয়ে ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিট
