সরকার দলীয় এমপি
গ্রামে গেলে বিদ্যুৎ ইস্যু আমাদের বিব্রত করে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:৫৯ পিএম
ছবি ; সংগৃহীত
গ্রামাঞ্চলে বিদ্যুৎ সংকট ও লোডশেডিংকে বড় সমস্যা উল্লেখ করে সরকারদলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, গ্রামে গেলে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হয়, যা জনপ্রতিনিধিদের জন্য বিব্রতকর ও অস্বস্তিকর হয়ে উঠেছে।
বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের ২১তম দিনের অধিবেশনে সম্পূরক প্রশ্নে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।
জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, তার নির্বাচনী এলাকা মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ৪৩ মেগাওয়াট হলেও বর্তমানে সরবরাহ করা হচ্ছে মাত্র ২৭ মেগাওয়াট। একইভাবে অফ-পিক আওয়ারে ৩৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে ২৫ মেগাওয়াট। ফলে এলাকায় গড়ে ৩৪ থেকে ৩৮ শতাংশ লোডশেডিং হচ্ছে।
তিনি জানতে চান, এ পরিস্থিতি থেকে কবে নাগাদ উত্তরণ সম্ভব হবে এবং কবে নাগাদ এলাকাবাসীকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে আশ্বস্ত করা যাবে।
জবাবে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন (ট্রান্সমিশন) লাইনের সীমাবদ্ধতার কারণে এ সংকট তৈরি হয়েছে। সমস্যা সমাধানে নতুন ট্রান্সমিশন লাইন নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, ট্রান্সমিশন লাইনের জন্য বড় বড় টাওয়ার নির্মাণে জমি অধিগ্রহণ প্রয়োজন হয়। তবে অনেক ক্ষেত্রে জমির মালিকদের আইনি জটিলতা ও আদালতের স্থগিতাদেশের কারণে কাজ দীর্ঘদিন আটকে ছিল।
তিনি আরও জানান, জয়দেবপুর-শম্ভুগঞ্জ ট্রান্সমিশন লাইনের একটি অংশে ভালুকায় জমি-সংক্রান্ত মামলায় সরকার বিজয়ী হলেও এখনও কাজ পুরোপুরি শুরু করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে আলোচনা হয়েছে। তার সহযোগিতায় দ্রুত কাজ শুরু করা গেলে ওই অঞ্চলের বিদ্যুৎ সংকট উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেন বিদ্যুৎমন্ত্রী।
