প্রধানমন্ত্রী
প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিরপেক্ষ তালিকা করবে সরকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৮:২৭ পিএম
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের একটি সঠিক, নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সরকার কাজ করছে। এ লক্ষ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
একাত্তরের শহীদ ও গণহত্যার শিকার ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের বিষয়ে সংসদ সদস্য রুহুল আমীন দুলালের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী মুক্তিযুদ্ধের শহীদদের একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি জানান, এ উদ্যোগের অংশ হিসেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গবেষক ও বিশেষজ্ঞদের নিয়ে সভা আয়োজন, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনা এবং বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের কাজ করছে। এসব কার্যক্রমের মাধ্যমে গণহত্যার শিকার ব্যক্তি ও মুক্তিযুদ্ধের সব শহীদের একটি গ্রহণযোগ্য তালিকা প্রণয়ন এবং তাদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর
সম্পূরক প্রশ্নে আনোয়ারুল ইসলাম বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে সরকার পরিবর্তনের সঙ্গে মুক্তিযোদ্ধাদের তালিকায় সংযোজন-বিয়োজনের অভিযোগ উঠেছে। স্বাধীনতার ৫৫ বছর পরও প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা প্রকাশ না হওয়ায় তিনি বর্তমান সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চান।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রতি তাদের নৈতিক দায়িত্ব রয়েছে। তিনি বলেন, স্বাধীনতার পর যাদের নিরপেক্ষভাবে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের দায়িত্ব ছিল, তারা তা যথাযথভাবে করতে পারেননি। পরবর্তী সময়েও বিভিন্ন কারণে তালিকা প্রণয়নের প্রক্রিয়া জটিল হয়ে ওঠে।
তবে বর্তমান সরকার বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে একটি নির্ভুল, গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে কাজ করছে বলে প্রধানমন্ত্রী জানান।
