ক্ষুদ্র পোল্ট্রি খামারিদের সহজ শর্তে ঋণের আশ্বাস প্রতিমন্ত্রীর
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের কৃষি ঋণের আদলে সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, উৎপাদন ব্যয় কমানো, ফিডের দাম সহনীয় রাখা এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতের মাধ্যমে দেশের পোল্ট্রি শিল্পকে আরও শক্তিশালী ও টেকসই করা হবে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে টাঙ্গাইল মডেল সিটিতে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ) আয়োজিত পোল্ট্রি খামারি সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ক্ষুদ্র খামারিদের টিকে থাকার পথে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দূর করতে সরকার কাজ করছে। এ বিষয়ে বিপিআইএর নেতৃবৃন্দ, ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান, কাঁচামাল সরবরাহকারী এবং একদিন বয়সী বাচ্চা উৎপাদনকারী উদ্যোক্তাদের সঙ্গে একাধিক দফা আলোচনা হয়েছে। সবার মতামতের ভিত্তিতে সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা সবার দায়িত্ব। এজন্য উপজেলা ও থানা প্রাণিসম্পদ কর্মকর্তাদের তদারকি আরও জোরদার করতে হবে। প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া খামারে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত নয়।
আরও পড়ুন: বায়ু ও শব্দদূষণ রোধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
ফিডের মূল্য নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ফিডের দাম সহনীয় রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে। তার ভাষ্য, পোল্ট্রি শিল্প টিকে থাকলে লাখো মানুষের কর্মসংস্থান নিশ্চিত হবে এবং দেশের প্রাণিজ প্রোটিনের চাহিদা পূরণে এ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তাই সরকার এ শিল্পের উন্নয়ন ও স্থায়িত্ব নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচির আওতায় পোল্ট্রি খামারিদেরও কৃষি কার্ডের অন্তর্ভুক্ত করা হবে। আগামী বাজেট বাস্তবায়নের অংশ হিসেবে ধাপে ধাপে দেশের প্রতিটি উপজেলায় কৃষি কার্ড বিতরণ করা হবে। চলতি বছর ৪৩ লাখ কৃষক এ কার্ড পাবেন এবং পর্যায়ক্রমে সব কৃষক ও পোল্ট্রি খামারিকে এই সুবিধার আওতায় আনা হবে। কৃষি কার্ডের মাধ্যমে তারা বিভিন্ন সরকারি সেবা ও সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন।
আরও পড়ুন: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার
বিপিআইএ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শওকত আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, বিপিআইএর কেন্দ্রীয় সভাপতি মোশারফ হোসাইন চৌধুরী, মহাসচিব এম. সাফির রহমান এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ উসমান গনি। এছাড়া জেলার প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপিআইএর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
