×

জাতীয়

শিগগিরই নতুন পে-স্কেল, চূড়ান্ত সিদ্ধান্তের পথে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৫:১৭ পিএম

শিগগিরই নতুন পে-স্কেল, চূড়ান্ত সিদ্ধান্তের পথে সরকার

ছবি : সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। ‘জাতীয় বেতন কমিশন-২০২৫’-এর সুপারিশ পর্যালোচনায় গঠিত কমিটি চলতি মাসের মধ্যেই তাদের চূড়ান্ত মতামত জমা দিতে পারে। এরপর বিষয়টি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সব আনুষ্ঠানিকতা শেষ হলে আগস্ট মাসে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের প্রস্তুতি রয়েছে। তবে এটি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হিসেবে গণ্য হবে।

অর্থ বিভাগ সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন বেতনকাঠামো একবারে কার্যকর হবে, নাকি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে- সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। গেজেট আগস্টে প্রকাশ পেলেও আর্থিক কার্যকারিতা চলতি বছরের ১ জুলাই থেকেই ধরা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, এবার শুধু মূল বেতন বাড়ানোই নয়, বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াতসহ বিভিন্ন ভাতা পুনর্বিন্যাসের পরিকল্পনাও রয়েছে। কয়েকটি ভাতা একীভূত করার পাশাপাশি বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন কিছু সুবিধা যুক্ত করার বিষয়েও আলোচনা চলছে।

এ ছাড়া পেনশন ও অবসর-সুবিধার কাঠামোতেও পরিবর্তনের প্রস্তাব বিবেচনায় রয়েছে। এসব বাস্তবায়নের জন্য একাধিক বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ (এসআরও) জারি করতে হবে। এজন্য প্রয়োজনীয় এসআরওর খসড়া তৈরির নির্দেশ ইতোমধ্যে অর্থ বিভাগকে দেওয়া হয়েছে।

জাতীয় বেতন কমিশন-২০২৫–সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির বৈঠকে এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এখন সচিব কমিটি আর্থিক ও কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশ মন্ত্রিসভায় পাঠাবে। পরে মন্ত্রিসভার অনুমোদন, আইন মন্ত্রণালয়ের ভেটিং, প্রধানমন্ত্রীর সম্মতি এবং গেজেট প্রকাশের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন হবে।

সরকারি চাকরিজীবীদের জন্য সর্বশেষ জাতীয় বেতন স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে। এরপর প্রতি বছর মূল বেতনে ৫ শতাংশ হারে বার্ষিক বৃদ্ধি হলেও নতুন কোনো পূর্ণাঙ্গ পে-স্কেল ঘোষণা করা হয়নি।

অন্তর্বর্তী সরকার ২০২৫ সালে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করে। কমিশন গত ২২ জানুয়ারি সরকারের কাছে জমা দেওয়া প্রতিবেদনে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে।

কমিশনের প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব রয়েছে। ১০ম থেকে ২০তম গ্রেডের যাতায়াত ভাতাসহ কয়েকটি খাতে বড় ধরনের সংস্কারের সুপারিশও করা হয়েছে।

এই সুপারিশগুলো পর্যালোচনার জন্য গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিব, আইনসচিব, প্রতিরক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক অন্তর্ভুক্ত রয়েছেন।

কমিটির দায়িত্ব হলো জাতীয় বেতন কমিশন-২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদন যাচাই করে পরবর্তী করণীয় বিষয়ে সুপারিশ প্রদান। এই প্রতিবেদন পাওয়ার পর প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

সুপারিশ প্রণয়ন কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। তাঁর মতে, নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্রয়ক্ষমতা বাড়ানোর বিষয়টিই এবার সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে।

এ কারণে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি বেতন বৃদ্ধির সুপারিশ আসতে পারে। অন্যদিকে ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তাদেরও উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি হতে পারে, তবে তা তুলনামূলক কম। অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, ১ম থেকে ৯ম গ্রেডে ৬০ থেকে ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডে ৯০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে।

আন্তমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সমন্বয়ক নজরুল ইসলাম বলেন, দীর্ঘ ১১ বছর পর নতুন বেতনকাঠামো আসতে যাচ্ছে বলে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে শুধু মূল বেতন নয়, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাতা, পেনশন এবং অন্যান্য সুযোগ-সুবিধার বাস্তবসম্মত সংস্কারও তারা প্রত্যাশা করছেন।

নতুন পে-স্কেল কত ধাপে বাস্তবায়ন হবে, সে বিষয়ে সচিব কমিটি কোনো নির্দিষ্ট মত দেয়নি। শুরুতে তিন ধাপের প্রস্তাব থাকলেও পরে দুই ধাপের বিকল্প আলোচনায় আসে। এখন বিষয়টি মন্ত্রিসভার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য বছরে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা ব্যয় হয়। কমিশনের হিসাব বলছে, নতুন কাঠামো পুরোপুরি বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। এই অর্থের জোগান কীভাবে দেওয়া হবে, সে সিদ্ধান্তও মন্ত্রিসভায় নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, ১১ বছর পর নতুন পে-স্কেল প্রণয়ন হওয়ায় কোনো গ্রেড যেন বঞ্চিত না হয়, সে বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাই আর্থিক ও প্রশাসনিক সব দিক খুঁটিয়ে পর্যালোচনা করছে কমিটি।

২০১৫ সালের পে-স্কেল বাস্তবায়নের অভিজ্ঞতার প্রসঙ্গও আলোচনায় এসেছে। সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীর মতে, তখন দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন করা হয়েছিল—প্রথম ধাপে মূল বেতন এবং পরবর্তী ধাপে বিভিন্ন ভাতা। তাঁর ধারণা, আর্থিক সক্ষমতা বিবেচনায় এবারও একই ধরনের পদ্ধতি বাস্তবসম্মত হতে পারে।

তিনি আরো বলেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির যৌক্তিকতা থাকলেও দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও অন্যান্য খাতের অবস্থাও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ প্রায় ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটিসহ মোট বরাদ্দের পরিমাণ ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের হিসাবে, নতুন বেতনকাঠামোর আংশিক বাস্তবায়নের জন্য অতিরিক্ত অন্তত ৪৪ হাজার কোটি টাকা সংরক্ষিত রয়েছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বক্তব্যে জানিয়েছেন, ২০২৬-২৭ অর্থবছর থেকেই নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু হবে এবং এর কার্যকারিতা ১ জুলাই থেকে গণনা করা হবে।

২০১৫ সালের পর এটিই হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য প্রথম পূর্ণাঙ্গ নতুন বেতনকাঠামো। গত এক দশকে কেবল বার্ষিক ৫ শতাংশ হারে মূল বেতন বৃদ্ধি হলেও জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও ভাতার কাঠামোয় বড় ধরনের পরিবর্তন হয়নি। সেই প্রেক্ষাপটে জাতীয় বেতন কমিশন-২০২৫ মূল বেতন, ভাতা, পেনশন ও অবসর-সুবিধা একসঙ্গে পুনর্বিন্যাসের সুপারিশ করেছে। সুপারিশগুলো অনুমোদন পেলে সরকারি চাকরিজীবীদের বেতনব্যবস্থায় এক দশকের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

ইতালির কোচ হওয়ার প্রস্তাব যে কারণে ফিরিয়ে দিলেন গার্দিওলা

ইতালির কোচ হওয়ার প্রস্তাব যে কারণে ফিরিয়ে দিলেন গার্দিওলা

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে দুই কেজি ইয়াবা!

মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে দুই কেজি ইয়াবা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App