×

জাতীয়

আইনমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৫:২৪ পিএম

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে

ছবি : সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অতীত কার্যক্রম নিয়ে ওঠা অভিযোগগুলো তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত চলছে এবং তদন্ত শেষ হওয়ার পর আইনগত প্রক্রিয়ায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী জানান, জনগণের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এবং ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তার কার্যক্রম যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি বলেন, সরকার চায় না কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হোক। তাই অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে আইনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধানের বিধান অনুসারেই সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এ বিষয়ে দেশবাসীকে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

বক্তব্যে বিগত সরকারের সময়কার দুর্নীতি ও অর্থ পাচারের বিভিন্ন অভিযোগও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি দাবি করেন, গত ১৬ বছরে বাংলাদেশ থেকে বৈধ ব্যাংকিং চ্যানেলের আড়ালে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক সাময়িকী টাইম–এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে গড়ে প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

দুর্নীতির উদাহরণ হিসেবে তিনি বলেন, খুলনায় প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়ক নির্মাণে ২৮০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এছাড়া পিরোজপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার প্রকল্প কাগজে-কলমে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে, যেখানে বাস্তবে কোনো সড়ক নির্মাণ হয়নি বলে দাবি করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পের নামে রাষ্ট্রীয় অর্থ লুটপাট ও বিদেশে পাচারের ফলে দেশের অর্থনীতি এবং উন্নয়ন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে জনগণের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর আস্থাও কমেছে বলে মন্তব্য করেন তিনি।

জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলাগুলোর বিষয়ে তিনি বলেন, এসব মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি বর্তমানে মিথ্যা মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও দাবি করেন তিনি।

নবীন আইনজীবীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, আইন পেশায় সফল হওয়ার কোনো শর্টকাট নেই। প্রতিদিন শেখার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি নতুন আইনজীবীদের অর্থের পেছনে না ছুটে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানুষের সেবা এবং পেশাগত সততা বজায় রাখার আহ্বান জানান।

আরও পড়ুন: সাহাবুদ্দিন-শেখ হাসিনার ফোনালাপ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি আরও বলেন, দুর্নীতির সঙ্গে যদি নিজের দলের কোনো ব্যক্তিও জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধেও আইনজীবীদের সোচ্চার হতে হবে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান, মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ.জি.এম. মনিরুল হাসান সরকার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চারজনকে অনুপ্রবেশ করানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

আখাউড়া সীমান্ত চারজনকে অনুপ্রবেশ করানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা

২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা

৬ কোটির উন্নয়ন প্রকল্পে ‘অনিয়মের’ শেষ নেই

ঝালকাঠি পৌরসভা ৬ কোটির উন্নয়ন প্রকল্পে ‘অনিয়মের’ শেষ নেই

জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই: বাণিজ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App