বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ
‘ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী’
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৬:৫১ পিএম
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্রিফিং করেন মুখপাত্র মাহ্দী আমিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা যাচাই করতে আগামী সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৪৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকায় আসছেন। তারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীরও বৈঠক হওয়ার কথা রয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেন, বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সফরকালে প্রতিনিধি দল সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে অংশ নেবে এবং সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করবে।
আরো পড়ুন: চক্রান্ত নয়, দেশ গঠনে সবাইকে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর
এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্ব পায়।
মাহদী আমিন জানান, বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান নেতৃত্বের প্রতি আস্থার কথা তুলে ধরা হয়। একই সঙ্গে দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক অগ্রগতি এবং অর্থনৈতিক সম্ভাবনার প্রশংসা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুমাত্রিক সম্পর্ককে আরও গভীর অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগবান্ধব নীতিগত সহায়তা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেছে।
মুখপাত্র আরও জানান, সম্প্রতি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করাকেও আন্তর্জাতিক আস্থার ইতিবাচক প্রতিফলন হিসেবে দেখছে সরকার।
তিনি বলেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত। সরকারের লক্ষ্য হলো আরও বেশি আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়া।
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এবং সহকারী প্রেস সচিব নাজমুল হক উপস্থিত ছিলেন।
