×

জাতীয়

চক্রান্ত নয়, দেশ গঠনে সবাইকে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৬:০৩ পিএম

চক্রান্ত নয়, দেশ গঠনে সবাইকে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর

ছবি : সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাসিবাদের পতন এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর নতুন করে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি বা ষড়যন্ত্রে জড়ানোর কোনো সুযোগ নেই। তিনি সবাইকে দেশের উন্নয়ন ও পুনর্গঠনের কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, গত ১৫ বছরে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন পরিচালিত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে তরুণদের সাহসিকতার সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনের অভিজ্ঞতা ও গণতান্ত্রিক চেতনার সমন্বয়ে বিজয় অর্জিত হয়।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক উত্তরণের পর এখন রাজনৈতিক বিভ্রান্তির পরিবর্তে দেশ গঠনের কাজই সবার প্রধান দায়িত্ব হওয়া উচিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগ তুলে জহির উদ্দিন স্বপন বলেন, একটি মহল দেশ পুনর্গঠনের পরিবর্তে সংসদের বাইরে রাজপথে অস্থিরতা সৃষ্টি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘাতমুখী পরিবেশ তৈরির চেষ্টা করছে। সরকার এসব কর্মকাণ্ড সম্পর্কে সচেতন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের দেওয়া দায়িত্বের কারণে সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। তবে রাষ্ট্রের নিরাপত্তা ও জনস্বার্থে প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নিতেও পিছপা হবে না।

তথ্যমন্ত্রী বলেন, আন্দোলন কারও কাছে রাজনৈতিক কর্মসূচি হতে পারে, তবে বিএনপির প্রধান লক্ষ্য ছিল জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। সেই লক্ষ্য অর্জিত হওয়ায় এখন উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নই সবচেয়ে বড় অঙ্গীকার বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে মুখ্য উদ্বোধকের বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, ফ্যাসিবাদের শাসনকাল এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এ ধরনের আলোকচিত্র প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম অতীতের ত্যাগ ও সংগ্রামের ইতিহাস জানতে পারবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, মাজারে হামলা, বাউলদের ওপর হামলা কিংবা সাধারণ মানুষের প্রতি অন্যায় আচরণ দেশের সংস্কৃতি বা গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এসব কর্মকাণ্ড বন্ধে সরকারের আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনের পরিণতি। আন্দোলনে নিহতদের পরিবার এবং আহতদের জন্য দ্রুত রাষ্ট্রীয় ন্যায়বিচার নিশ্চিত করার দাবিও জানান তিনি।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার ধারাবাহিক ভূমিকার ফলেই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান সফল হয়েছে। তিনি আন্দোলনের বিজয়ী শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনের কৃতিত্ব বিএনপি এককভাবে দাবি করে না; এটি ছিল দল-মত নির্বিশেষে সমগ্র জাতির আন্দোলন। তিনি আন্দোলনে অংশ নেওয়া সাধারণ মানুষ এবং নারীসহ সব অংশগ্রহণকারীর অবদানের স্বীকৃতি দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দেশে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি না করে সবাইকে দেশ গঠনের কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান। দায়িত্ব পালনে ঝুঁকি নেওয়া ফটোসাংবাদিকদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন এবং সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ অন্যরা।

আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা বিপিজেএ গ্যালারিতে সংরক্ষিত গত ১৫ বছরের গণতান্ত্রিক আন্দোলন এবং ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানবিষয়ক দুর্লভ আলোকচিত্র পরিদর্শন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী’

মাহদী আমিন ‘ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী’

ব্যবসা ব্যবস্থাপনায় যুক্ত হলো নতুন সুবিধা

বাংলাদেশে এলো ট্যালি প্রাইম ৭.১ ব্যবসা ব্যবস্থাপনায় যুক্ত হলো নতুন সুবিধা

দুই হাসপাতালকে আড়াই লাখ টাকা জরিমানা, ওটি সিলগালা

দুই হাসপাতালকে আড়াই লাখ টাকা জরিমানা, ওটি সিলগালা

র‍্যাবের ‘গোপন বন্দিশালা’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারপতিরা

র‍্যাবের ‘গোপন বন্দিশালা’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারপতিরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App