এনআইডি সংশোধন: সেবা সহজ করতে ইসির নতুন পদক্ষেপ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৯:৪৬ এএম
ছবি : সংগৃহীত
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন দ্রুত ও সহজে নিষ্পত্তির লক্ষ্যে চার সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিটির সুপারিশের মাধ্যমে এনআইডি সংশোধন প্রক্রিয়ার জটিলতা কমিয়ে সেবার গতি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। রোববার (২ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি প্রক্রিয়াকে আরো কার্যকর ও গতিশীল করতে আবেদনকারীদের জমা দেওয়া বিভিন্ন দলিল ও প্রমাণপত্র যাচাই-বাছাইয়ের জন্য চার সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী)। সদস্য হিসেবে রয়েছেন উপপরিচালক (নিবন্ধন ও প্রবাসী সেবা শাখা) এবং সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ ইউনিট)। সদস্যসচিব করা হয়েছে সহকারী পরিচালককে (সংশোধন ও প্রতিস্থাপন)।
আরো পড়ুন : জন্মতারিখ সংশোধন ও প্রবাসী নিবন্ধনে আসছে নতুন সুবিধা
কমিটিকে কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সংশোধনের ধরন অনুযায়ী আবেদনগুলোকে শ্রেণিবিন্যাস করা, প্রতিটি ধরনের আবেদনের জন্য প্রয়োজনীয় দাপ্তরিক প্রমাণপত্রের তালিকা তৈরি, পর্যাপ্ত তথ্য-প্রমাণসহ পুনরায় জমা দেওয়া আবেদন নিষ্পত্তির বিষয়ে সুপারিশ করা এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তির কার্যকর উপায় নির্ধারণ।
এ ছাড়া এনআইডি সংশোধন প্রক্রিয়ায় ব্যবহৃত সিএমএস পোর্টালের প্রযুক্তিগত জটিলতা দূর করতে প্রয়োজনীয় আধুনিকায়নের সুপারিশ, পাশাপাশি এনআইডি লক-আনলক ও রোলব্যাক প্রক্রিয়ার যৌক্তিকতা এবং আইনি ভিত্তি পর্যালোচনার দায়িত্বও দেওয়া হয়েছে কমিটিকে।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, কমিটির সুপারিশ বাস্তবায়িত হলে এনআইডি সংশোধনের বিদ্যমান জটিলতা অনেকটাই কমবে এবং সাধারণ নাগরিকরা আরো দ্রুত ও সহজে সেবা পাবেন।
