ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১০:৩৭ এএম
ছবি: সংগৃহীত
আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। সেই ঘটনার স্মরণে বুধবার (৫ আগস্ট) সারাদেশে রাষ্ট্রীয় মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। একই সঙ্গে উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
দিবসটি ঘিরে সরকার জাতীয় পর্যায়ে বিস্তৃত কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনও পৃথকভাবে নানা আয়োজনের মাধ্যমে দিনটি পালন করছে।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি দেশ-বিদেশে অবস্থানরত বাংলাদেশিদেরও শুভেচ্ছা জানান।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার বার্তায় বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি শহীদ ও আহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন, তাদের পরিবারের কল্যাণ, চিকিৎসা, পুনর্বাসন এবং সংশ্লিষ্ট অপরাধের নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করার প্রত্যাশাও ব্যক্ত করেন।
আরো পড়ুন: জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বার্তায় বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘ সময়ের কর্তৃত্ববাদী শাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি জাতীয় ঐক্য অটুট রাখার পাশাপাশি ভবিষ্যতে স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা ও উগ্রবাদের পুনরুত্থান রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে দেশের ৬৪ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি রয়েছে। রাজধানীসহ বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ সড়কে জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জায় সাজানো হয়েছে।
এদিন সকাল ৯টায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনের কর্মসূচি রয়েছে। এছাড়া বেলা ১১টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপি আগের দিন রাজধানীতে আলোচনা সভার আয়োজন করেছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট বুধবার সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে গণসমাবেশের ঘোষণা দিয়েছে।
এ ছাড়া সিপিবি, বাসদ, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণফোরামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও দিনব্যাপী আলোচনা সভা, সমাবেশ, স্মরণসভা এবং অন্যান্য কর্মসূচি পালন করছে।
