ঢাকায় ফিরল রোমে আটকে পড়া বিমানের ফ্লাইট
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০২:২৩ পিএম
ফাইল ছবি
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকার পর ঢাকায় ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইট।
রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফ্লাইটটি নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে স্থানীয় সময় শনিবার রাত ১১টায় (বাংলাদেশ সময় রোববার রাত ৩টা) রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম।
বিমান সূত্রে জানা যায়, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি আড়াই শতাধিক যাত্রী নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। প্রায় আট ঘণ্টা পর উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণ করে।
আরও পড়ুন: এবার ধূমপায়ীদের রক্তে মিলল মাইক্রোপ্লাস্টিক
দীর্ঘ সময় চেষ্টা করেও ত্রুটি মেরামত করা সম্ভব না হওয়ায় প্রয়োজনীয় যন্ত্রাংশ ও দুই সদস্যের প্রকৌশলী দল ঢাকা থেকে রোমে পাঠানো হয়। শনিবার দুপুরে বিমানের বিজি-৩০৫ ফ্লাইটে প্রকৌশলী দলটি রোমের উদ্দেশে রওনা দেয় এবং স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে সেখানে পৌঁছায়।
পরে প্রকৌশলীরা প্রয়োজনীয় কাজ শেষে উড়োজাহাজটির কারিগরি ত্রুটি মেরামত করেন। এরপর ফ্লাইটটিকে গ্রাউন্ডেড অবস্থা থেকে পুনরায় পরিচালনার জন্য ছাড়পত্র দেওয়া হয়। শনিবার রাতে সেটি ঢাকার উদ্দেশে রোম ত্যাগ করে।
লাউঞ্জে ৪০ ঘণ্টা, ভোগান্তিতে যাত্রীরা
দীর্ঘ সময় রোমে আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন আড়াই শতাধিক যাত্রী। যাত্রীদের অভিযোগ, বাংলাদেশি পাসপোর্টধারী অন্তত ১৭০ জনকে প্রায় ৪০ ঘণ্টা বিমানবন্দরের লাউঞ্জেই অবস্থান করতে হয়েছে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে দুই মনোনয়নপত্র নিলো বিএনপি
তাদের আরও অভিযোগ, কানাডা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী যাত্রীদের জন্য বিমান কর্তৃপক্ষ হোটেলে থাকার ব্যবস্থা করলেও বাংলাদেশি যাত্রীদের জন্য একই ধরনের ব্যবস্থা করা হয়নি।
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে যান্ত্রিক ত্রুটি মেরামত করে রোববার দুপুরে ঢাকায় পৌঁছায় বিজি-৩০৬ ফ্লাইটটি।
