জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে আগ্রহী সরকার: জ্বালানি মন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৬:০০ পিএম
ছবি : সংগৃহীত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, বেসরকারি বিনিয়োগবান্ধব নীতিতে এগোচ্ছে সরকার। বিশেষ করে জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকার আগ্রহী।
মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের সংকটময় পরিস্থিতিকে কাজে লাগিয়ে কেউ কেউ নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। তবে সংকট আরও বাড়িয়ে দিয়ে কোনো পক্ষই কাঙ্ক্ষিত সুবিধা নিতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আগের সরকার উন্নয়নের কথা বলে ১৬ বছর ক্ষমতায় ছিল। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেখা গেছে, যেখানে অর্থ উপার্জনের সুযোগ ছিল, সেখানেই উন্নয়ন করা হয়েছে।
গ্যাস সংকটের প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, একটি এফএসআরইউ (ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ টার্মিনাল) বন্ধ হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের জন্য সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে শিল্পমালিকদের সঙ্গে আলোচনা করা হবে। দেশের শিল্প উদ্যোক্তারা যাতে সমস্যায় না পড়েন, সে বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে।
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ ধরনের প্রকল্পের কারণে অনেক অর্থায়ন বন্ধ হয়ে গেছে। তাই এ খাতে সরকারকে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে।
সৌরবিদ্যুৎ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সৌরশক্তির ব্যবহার বাড়াতে সরকার আক্রমণাত্মকভাবে কাজ করছে। সোলার খাতকে ব্যবসাভিত্তিক করার জন্য ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। মাত্র দুই মাসের মধ্যে এ বিষয়ে একটি নীতিমালা তৈরি করা হয়েছে।
তিনি বলেন, নীতিমালায় যেসব বিষয় উল্লেখ করা হয়েছে, সেগুলোই বাস্তবায়ন করা হবে। ওপেক্স মডেলের মাধ্যমে ঢাকা শহর থেকে শুরু করে দেশের সর্বত্র সৌরবিদ্যুতের বিস্তার ঘটানো হবে।
