বিদ্যুৎ সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম
ফাইল ছবি
চলমান বিদ্যুৎ সংকটের জন্য দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার সমাধান হবে।
আজ শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দুস্থদের সহায়তা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বিদ্যুৎ-গ্যাস নিয়ে বিরোধী দল হঠকারী আন্দোলন করছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদের সময় অর্থনৈতিক অবস্থা ধ্বংস করা হয়েছিল। মেগা প্রজেক্টের নামে অর্থপাচার, স্বাস্থ্য ব্যবস্থা আরেক দেশের ওপর নির্ভরশীল করা হয়েছিল।
আরও পড়ুন: শিক্ষকদের প্রাপ্য টাকা তুলতে ঘুষ জাতির দীনতার প্রকাশ: প্রধানমন্ত্রী
তীব্র গরমের মধ্যে দেশজুড়ে বেড়েছে লোডশেডিং। চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় দেশের বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। এতে জনজীবন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান ও চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। লোডশেডিংকে কেন্দ্র করে জনরোষের আশঙ্কায় বিদ্যুৎ উপকেন্দ্রে বাড়তি নিরাপত্তা চাওয়া হয়েছে।
লোডশেডিংয়ের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। সেচযন্ত্র চালাতে না পারায় ফসল উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কায় রয়েছেন কৃষকরা। পোলট্রি খামারে মুরগি মারা যাচ্ছে, ব্যাহত হচ্ছে ডিম উৎপাদন। বিদ্যুৎ না থাকায় এয়ারেটর চালাতে না পারায় অক্সিজেনের ঘাটতিতে পুকুরের মাছ ভেসে উঠছে।
