সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই : প্রধানমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০১:১৪ পিএম
ছবি : সংগৃহীত
সবাইকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখাকে সরকারের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতীতের দিকে না তাকিয়ে দেশের ভবিষ্যৎ নির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সম্মেলনের আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে পেছনে ফিরে না গিয়ে সামনে এগিয়ে যাওয়া। আর এই অগ্রযাত্রায় দেশের সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। এজন্য সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
একজন রাজস্ব কর্মকর্তার প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, একটি দেশ একটি পরিবারের মতো। আর সেই পরিবারের কার্যক্রম পরিচালনায় রাজস্ব বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, অতীতে যা হয়ে গেছে, তা হয়ে গেছে। এখন সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। সরকারের কাছে রাজস্ব কর্মকর্তারা যেসব দাবি ও প্রত্যাশার কথা জানিয়েছেন, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
আরও পড়ুন: বিএনপির মহাসচিব পদে আলোচনায় এগিয়ে যারা
প্রধানমন্ত্রী আরও বলেন, সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চায় সরকার। দেশের রাজস্ব ব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করতে যোগ্য কর্মকর্তাদের দায়িত্ব পালনে উৎসাহিত করা হবে বলেও জানান তিনি।
রাজস্ব সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এনবিআর চেয়ারম্যান আহসান হাবিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে রাজস্ব বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রাজস্ব কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি জবাব দেন প্রধানমন্ত্রী।
