রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি নিয়ে ২০ কর্মকর্তার সঙ্গে ইসির বৈঠক
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:১৩ পিএম
ছবি : সংগৃহীত
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ। ভোট আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনে বৈঠকে বসেছেন ইসি সচিব আখতার আহমেদসহ ২০ কর্মকর্তা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে নির্বাচন ভবনে ইসি সচিবের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের পদ্ধতি, নির্ধারিত সময়ের মধ্যে ভোট শেষ করা এবং সংসদ ভবনে প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী পৌঁছানোসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে। বৈঠক শেষে সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে ভোটের সব সামগ্রী নিয়ে নির্বাচন ভবন থেকে সংসদ ভবনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে কর্মকর্তাদের।
আরও পড়ুন: ফখরুল-অলি মুখোমুখি, সংসদে সংখ্যার লড়াইয়ে এগিয়ে কে
ইসি সচিব আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা দুপুর ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে জাতীয় সংসদে পৌঁছাবেন। নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কিছুটা পরে সংসদে যাবেন।
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় নির্বাচনী কর্তা সিইসিকে সহযোগিতার জন্য নির্বাচন কমিশন ২০ কর্মকর্তাকে সহায়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে। তাদের মধ্যে রয়েছেন ইসি সচিব আখতার আহমেদ, যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান, উপসচিব রাশেদুল ইসলাম, পরিচালক মো. সাইফুল ইসলাম, উপসচিব মোহাম্মদ মনির হোসেন ও উপসচিব মুনীর হোসাইন খান।
আরও পড়ুন: নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল
এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম, সিনিয়র সচিবের একান্ত সচিব মো. মোখলেছুর রহমান, সিনিয়র সহকারী সচিব এ টি এম শামীম মাহমুদ, সৈয়দ আফজাল আহাম্মেদ, মো. রশিদ মিয়া, একান্ত সচিব এএসএম জাকির হোসেন, এসএম হাবিবুর রহমান, সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী, মো. শহিদুল ইসলাম, একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাত, একান্ত সচিব রৌশন আরা বেগম, সিনিয়র সহকারী সচিব আরাফাত আরা এবং এ এস এম ইকবাল হাসান রয়েছেন। প্রয়োজন অনুযায়ী জাতীয় সংসদ সচিবালয় থেকেও সহায়তা দেওয়া হবে।
গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি পদত্যাগ করলে পদটি শূন্য হয়। পরে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: শেখ হাসিনার ইস্যুতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর দিল্লি সফর
এবারের নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
