প্রেস সচিব
চূড়ান্ত হয়নি তারেক রহমানের ভারত সফর
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৬:১৬ পিএম
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার প্রেস সচিব সালেহ শিবলী। আগামী ২৩ থেকে ২৫ আগস্ট প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর শুক্রবার (২১ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এ কথা জানান।
সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। একই সঙ্গে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামির প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ বলেও জানান তিনি।
শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় তারেক রহমানের সম্ভাব্য প্রথম দিল্লি সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য ঢাকা একাধিকবার দিল্লির কাছে অনুরোধ জানিয়েছে। ভারত জানিয়েছে, বাংলাদেশের অনুরোধটি তারা পর্যালোচনা করছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত সংবাদ সম্মেলনে সম্ভাব্য সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে গুরুত্ব দিয়ে আসছে। তবে গত সপ্তাহে ঢাকার পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়, প্রধানমন্ত্রীর দিল্লি সফরের জন্য আরও অনুকূল কূটনৈতিক পরিবেশ প্রয়োজন।
বিশেষ করে শেখ হাসিনা দিল্লিতে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েন আবারও বেড়েছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।
