আজ বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৮:৩৭ এএম
ছবি : সংগৃহীত
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে যাবেন। সেখানে রাষ্ট্রপতিকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার দেবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রোববার সকাল ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের ২ নম্বর গেট দিয়ে প্রবেশের পর তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। এরপর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করবেন।
গার্ড অব অনার পর্ব শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনে তার কার্যালয়ে যাবেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন।
এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই দিন বিকেলে ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আরও পড়ুন: কলকাতায় আগুনে ৯ মৃত্যু: হোটেল মালিক গ্রেপ্তার
এরপর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান।
এদিকে শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নবনির্বাচিত রাষ্ট্রপতি। সকাল সাড়ে ১০টার দিকে স্মৃতিসৌধে পৌঁছে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি লিখে স্বাক্ষর করেন।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে শনিবার জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল।
