দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব ভাগ, পরিপত্র জারি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:৩১ পিএম
ছবি : সংগৃহীত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব ভাগ করে দিয়েছে সরকার। রোববার (২৩ আগস্ট) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়।
পরিপত্র অনুযায়ী, হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সহযোগিতা করবেন।
দায়িত্ব বণ্টন অনুযায়ী, হুমায়ুন কবির দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয় দেখবেন। এর পাশাপাশি অনিবাসী বাংলাদেশিদের (এনআরবি) বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রী নির্ধারিত অন্যান্য দায়িত্বও তাঁর ওপর থাকবে।
আরও পড়ুন: ১০ বছরকে ২০ বছর হতে দেওয়া যাবে না: শামা ওবায়েদ
অন্যদিকে শামা ওবায়েদ ইসলামের দায়িত্বের মধ্যে রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বিষয়, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি এবং এলডিসি উত্তরণ।
এ ছাড়া তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির বিষয়গুলোও দেখবেন শামা ওবায়েদ ইসলাম।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, দুই প্রতিমন্ত্রীর মধ্যে এই দায়িত্ব বণ্টনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদন রয়েছে।
