ঢাকা ওয়াসার নতুন এমডি ড. মনিরুজ্জামান
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:১০ পিএম
ছবি : সংগৃহীত
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মনিরুজ্জামানকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার প্রেষণে তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অন্য এক আদেশে ঢাকা ওয়াসার বর্তমান এমডি মো. আমিনুল ইসলামকে সচিব পদমর্যাদায় এক বছরের জন্য জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (ডিজি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীনকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (সচিব) ড. রওশন আরা বেগমকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন: পুলিশ-র্যাব-ডিএমপি-পিবিআই-সিআইডিতে বড় রদবদল
এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে মো. বেলাল হোসেনকে এক বছরের চুক্তিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে গ্রেড-১ পদমর্যাদার প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। তার নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
