পুলিশ-র্যাব-ডিএমপি-পিবিআই-সিআইডিতে বড় রদবদল
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৮:২০ পিএম
ছবি : সংগৃহীত
পুলিশের দুই ডিআইজিসহ ১৭ কর্মকর্তাকে বদলি ও বিভিন্ন পদে পদায়ন করেছে সরকার। তাদের মধ্যে একজন ডিআইজিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার এবং আরেকজনকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বদলি ও পদায়নের তালিকায় দুই ডিআইজি ছাড়াও চারজন অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। তাদের মধ্যে দুজনকে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বদলি ও পদায়ন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
আরও পড়ুন: প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি: টিআইবি
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি মাহবুবুর রশীদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার করা হয়েছে। এর আগে তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পুলিশ অধিদপ্তরে এবং অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার মোহাম্মদ নাজমুল আলমকে ডিএমপির উপপুলিশ কমিশনার এবং পুলিশ সুপার মো. জাফর হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
আরও পড়ুন: সংস্কার কার্যক্রমে ইউএনডিপির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং এস এম সিরাজুল হুদাকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে।
পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, এম কে এইচ জাহাঙ্গীর হোসেন ও মো. আবদুর রহমানকে পিবিআইয়ে বদলি করা হয়েছে। একই সঙ্গে এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে দেওয়া আগের বদলি আদেশ বাতিল করা হয়েছে।
এস এম রফিকুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পুলিশ সুপার, মুহাম্মদ খালেদ-উজ-জামানকে সিআইডিতে পুলিশ সুপার এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া মো. আসলাম উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে সংযুক্ত করা হয়েছে। এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকেও একই ইউনিটে সংযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন : গ্যাস সংকট কাটাতে কতদিন লাগবে, জানালেন ডা. জাহেদ
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে আগের কয়েকটি বদলি আদেশও বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এর মধ্যে মোহাম্মদ কামরুজ্জামানকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত ডিআইজি এবং মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলে পুলিশ সুপার হিসেবে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।
