×

জাতীয়

মালয়েশিয়ার শ্রমবাজারে সুখবর, কর্মী পাঠানোর অনুমতি পেল ৩৩৮ এজেন্সি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৮:২৭ পিএম

মালয়েশিয়ার শ্রমবাজারে সুখবর, কর্মী পাঠানোর অনুমতি পেল ৩৩৮ এজেন্সি

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এবার বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর সুযোগ পাবে ৩৩৮টি রিক্রুটিং এজেন্সি। এর মধ্যে মালয়েশিয়া সরকার সরাসরি ২৫টি এজেন্সি নির্বাচন করেছে। পাশাপাশি আরও ৩১২টি এজেন্সিকে ‘অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট এজেন্সি’ হিসেবে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)ও এই প্রক্রিয়ায় কর্মী পাঠাতে পারবে।

শুক্রবার (২৮ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রথম ধাপে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে ‘জিরো কস্টে’ অর্থাৎ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ।

এ উদ্যোগের আওতায় বিমানভাড়াসহ অভিবাসন-সংক্রান্ত কোনো ব্যয় ছাড়াই বিশেষ চার্টার্ড ফ্লাইটে বোয়েসেলের মাধ্যমে কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো হবে। তবে কর্মী পাঠানোর চূড়ান্ত প্রক্রিয়া এখনো বাস্তবায়নাধীন। তাই এ বিষয়ে সুনির্দিষ্ট সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মীপ্রত্যাশীদের কোনো ধরনের আর্থিক লেনদেন না করার পাশাপাশি মেডিকেল পরীক্ষা বা পাসপোর্ট জমা না দেওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

যেভাবে অনুমোদন পেল ৩৩৮ এজেন্সি 

মালয়েশিয়ার মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশটিতে কর্মী সরবরাহকারী শীর্ষ পাঁচ দেশের জন্য নির্দিষ্টসংখ্যক রিক্রুটিং এজেন্সি অনুমোদনের ব্যবস্থা রাখা হয়েছিল। এর মধ্যে নেপাল ও বাংলাদেশের জন্য ২৫টি করে এবং ভারত, পাকিস্তান ও মিয়ানমারের জন্য ১০টি করে এজেন্সি নির্ধারণ করা হয়।

তবে মালয়েশিয়ায় বিগত সরকারের সময়ে সুবিধাভোগী ও সিন্ডিকেটের প্রভাবমুক্ত রেখে আরও বেশি সংখ্যক বাংলাদেশি এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দেওয়ার জন্য মালয়েশিয়া সরকারের কাছে অনুরোধ জানায় বাংলাদেশ। টানা ছয় মাসের কূটনৈতিক প্রচেষ্টার পর বিশেষ বিবেচনায় বাংলাদেশকে আরও ৩১২টি ‘অ্যাসোসিয়েট’ এজেন্সির অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: ‘২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ’

ফলে এবার বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সি সুযোগ পাচ্ছে। এর বাইরে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলও কর্মী পাঠাতে পারবে।

মালয়েশিয়ার মানবসম্পদ, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের যৌথ কমিটি এসব এজেন্সি নির্বাচন করেছে। এ প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

নতুন চুক্তিতে বাংলাদেশের স্বার্থ সুরক্ষার আশা

মন্ত্রণালয় জানায়, ২০২২ সালের ১৮ ডিসেম্বর স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী রিক্রুটিং এজেন্সি বাছাইয়ের একক ক্ষমতা মালয়েশিয়া সরকারের হাতে ছিল। এ কারণে বর্তমান সরকারকে কিছু প্রশাসনিক সীমাবদ্ধতার মধ্য দিয়ে যেতে হচ্ছে।

চুক্তিটির মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার পর নতুন চুক্তি করার সুযোগ তৈরি হবে। নতুন চুক্তির মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের স্বার্থ আরও জোরালোভাবে সুরক্ষিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে মন্ত্রণালয়।

আরও পড়ুন: পে স্কেলের প্রজ্ঞাপন আগামী সপ্তাহে, কোন গ্রেডে বেতন কত?

১৬ মেডিকেল সেন্টার দিয়ে শুরু হচ্ছে কার্যক্রম

স্বচ্ছতা নিশ্চিত করতে বিতর্কিত এবং বিগত সরকারের সময়ে সুবিধাভোগী হিসেবে চিহ্নিত প্রতিষ্ঠানগুলোকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে অনুমোদিত তালিকায় থাকা অবশিষ্ট ১৬টি মেডিকেল সেন্টার দিয়ে প্রাথমিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়েছে।

শিগগিরই মালয়েশিয়ার তিনটি মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। তারা সরেজমিনে মেডিকেল সেন্টারগুলো পরিদর্শন করার পর পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত করবে।

কর্মীদের সুরক্ষায় নজর

মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের বিমানবন্দরে হয়রানি বন্ধ, সরাসরি সংশ্লিষ্ট কোম্পানিতে যোগদানের সুযোগ, নিয়মিত বেতন-ভাতা, আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া অভিবাসন-সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য ২৪ ঘণ্টার মনিটরিং সেল ও হেল্পডেস্ক চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর সুযোগকে কাজে লাগিয়ে যাতে মধ্যস্বত্বভোগী, দালাল ও প্রতারক চক্র সক্রিয় হতে না পারে, সে বিষয়ে কর্মীপ্রত্যাশীদের সতর্ক করেছে মন্ত্রণালয়। সরকারি প্রাতিষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো ধরনের আর্থিক লেনদেন না করা এবং কোনো নথি জমা না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বের সর্বকনিষ্ঠ রাজার মৃত্যু

বিশ্বের সর্বকনিষ্ঠ রাজার মৃত্যু

হরমুজ প্রণালিকে ‘ভৌগোলিক পরমাণু বোমা’ বানিয়েছে ইরান

হরমুজ প্রণালিকে ‘ভৌগোলিক পরমাণু বোমা’ বানিয়েছে ইরান

পূর্বের নিয়োগ বাতিল করে ২৫ জনকে আইন কর্মকর্তা পদে নিয়োগ

ঝালকাঠি পূর্বের নিয়োগ বাতিল করে ২৫ জনকে আইন কর্মকর্তা পদে নিয়োগ

এবার খোঁচা দিয়ে রাখিবন্ধন উদযাপন কৃতির

‘আপত্তিকর পোশাকে’ রাখিবন্ধন এবার খোঁচা দিয়ে রাখিবন্ধন উদযাপন কৃতির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App