গত ৬ মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি: আইনমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৯ পিএম
ছবি : সংগৃহীত
গুম প্রতিরোধ আইন সংসদে উত্থাপনের সময় ওয়াক আউটকে সুস্থ ধারার রাজনীতি বলা যায় কি না, সে প্রশ্ন তুলেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, গুমের সঙ্গে জড়িতরা যত ক্ষমতাধরই হোক না কেন, তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।
আইনমন্ত্রীর দাবি, গত ছয় মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি।
রোববার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাও অংশ নেন।
আরও পড়ুন: এনবিআরে বড় রদবদল
আইনমন্ত্রী বলেন, গুমসংক্রান্ত কর্মকাণ্ডে যারা জড়িত, তারা যতই শক্তিশালী হোক না কেন, তাদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী তাদের বিচারের মুখোমুখি করা হবে। তিনি বলেন, বিচারপ্রক্রিয়া কিছুটা ধীরগতির হলেও তা অনেক দূর এগিয়েছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতেই নির্ধারিত প্রক্রিয়ার মধ্য দিয়ে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, এমনভাবে বিচার করা হবে না, যাতে পরে কেউ অভিযোগ করতে পারে যে তড়িঘড়ি করে বিচার সম্পন্ন করা হয়েছে বা ন্যায়বিচার নিশ্চিত হয়নি। লোক দেখানো কিংবা প্রশ্নবিদ্ধ কোনো বিচার সরকার করতে চায় না।
আইনমন্ত্রী আরও বলেন, গত ছয় মাসে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় গুমের কোনো অভিযোগ পাওয়া যায়নি। মোংলায় মিরাজ শেখের গুমের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ঘটনাটি স্বাধীনভাবে তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুন: ডিএমপিতে বড় রদবদল
ভুক্তভোগী পরিবারগুলোকে সরকার আইনি সহায়তা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার চায় না ভবিষ্যতে আর কেউ গুমের শিকার হোক।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ ছাড়া গুম থেকে ফিরে আসা ব্যক্তি এবং নিখোঁজদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরেন।
