×

জাতীয়

মায়ের পেনশনের টাকা তুলতে ঘুষ, প্রতিবাদে ‘ঘুষ.সাইট’ তৈরি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১২:৪৮ পিএম

মায়ের পেনশনের টাকা তুলতে ঘুষ, প্রতিবাদে ‘ঘুষ.সাইট’ তৈরি

ছবি : সংগৃহীত

মায়ের মৃত্যুর পর তাঁর প্রাপ্য সরকারি অর্থ তুলতে গিয়ে ঘুষ দাবির অভিজ্ঞতা হয়েছিল কিশোর শাহেদ শরীফ আহমেদের। নিজের পাসপোর্ট তৈরির সময়ও একই পরিস্থিতির মুখোমুখি হয় সে। সরকারি সেবায় ঘুষের এই সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তাই প্রযুক্তিকে হাতিয়ার হিসেবে বেছে নেয় ১৭ বছরের শাহেদ। তৈরি করে ‘ঘুষ.সাইট’ (ghush.site) নামে একটি ওয়েবসাইট।

ওয়েবসাইটটি চালুর মাত্র নয় দিনের মধ্যে রোববার বিকেল ৪টা পর্যন্ত সেখানে ৯ হাজার ৬৬৫টি ঘুষের অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলোতে দাবি করা ঘুষের মোট পরিমাণ ৩২১ থেকে ৩৩২ কোটি টাকা বলে জানিয়েছে ওয়েবসাইট কর্তৃপক্ষ।

ময়মনসিংহ ক্যান্টনমেন্ট এলাকায় বাবার সঙ্গে ভাড়া বাসায় থাকে শাহেদ। ব্রিটিশ কাউন্সিলের অধীন কেমব্রিজ ইন্টারন্যাশনালের এ-লেভেলে পড়াশোনা করছে সে। তার বাবা শরীফুল ইসলাম (শামীম) আগে সৌদি আরবের একটি ব্যাংকে কর্মরত ছিলেন। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পূর্বপাড়া এলাকায়।

আরও পড়ুন: শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

শাহেদের মা আমিনা খাতুন ময়মনসিংহ সদরের আজমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ২০২২ সালের ১৬ ডিসেম্বর অসুস্থতাজনিত কারণে তিনি মারা যান।

পরিবারের অভিযোগ, চাকরির ১৩ বছরের মাথায় আমিনা খাতুনের মৃত্যুর পর তাঁর প্রভিডেন্ট ফান্ডের প্রায় ৭ লাখ টাকা তুলতে বিভিন্ন দপ্তরে মোট ৩৮ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। এর মধ্যে ট্রেজারি অফিসে ১০ হাজার, জেলা শিক্ষা অফিসে ২০ হাজার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ৮ হাজার টাকা দেওয়া হয়।

পরিবারটি আরও অভিযোগ করেছে, কল্যাণ তহবিলের ২ লাখ টাকা এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রাপ্য ৮ লাখ টাকা পেতে সংশ্লিষ্ট শিক্ষা কার্যালয়ের ব্যক্তিরা ১ লাখ টাকা ঘুষ দাবি করেছেন। টাকা না দিলে ফাইল এগোবে না বলেও জানানো হয়।

ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই ওয়েবসাইটটি তৈরির উদ্যোগ নেন শাহেদ। সে বলে, ‘আম্মুর পেনশনের টাকার ফাইল আটকে রেখে লাখ টাকা ঘুষ চাওয়া হচ্ছিল। এ ছাড়া দেড় বছর আগে ও-লেভেল পরীক্ষার জন্য পাসপোর্ট করতে গেলে ফাইল আটকে রেখে ১ হাজার ৫০০ টাকা ঘুষ নেওয়ার পর তিন ঘণ্টার মধ্যে কাজ করে দেওয়া হয়। এই ক্ষোভ থেকেই ওয়েবসাইটটি বানাই।’

আরও পড়ুন: পে স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত আজ

শাহেদের ভাষ্য, ভারতে চালু থাকা একটি ওয়েবসাইট দেখে সে এ ধরনের উদ্যোগ নেওয়ার অনুপ্রেরণা পায়। মাত্র দুই ঘণ্টায় কোডিং করে ওয়েবসাইটটির প্রাথমিক কাঠামো তৈরি করে সে। পড়াশোনার পাশাপাশি অনলাইনে ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ শিখেছে শাহেদ। পরে বন্ধু ও সহপ্রতিষ্ঠাতা সাইফ কবিরের সহায়তায় ডোমেইন কেনা হয় এবং ২১ আগস্ট সাইটটি চালু করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে উদ্যোগটি। পুরো কাজ বাস্তবায়নে তাদের ব্যয় হয়েছে প্রায় ১০ হাজার টাকা।

‘ঘুষ.সাইট’-এর দুই প্রতিষ্ঠাতা শাহেদ শরীফ আহমেদ ও সাইফ কবির। শাহেদ ওয়েবসাইটের কোডিং ও কারিগরি দিক দেখছে। আর সাইফ বিপণন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের দায়িত্বে রয়েছে। অভিযোগ যাচাই ও স্ক্রিনিংয়ের জন্য চার সদস্যের একটি মডারেশন টিমও রয়েছে বলে জানিয়েছে শাহেদ।

ওয়েবসাইট চালুর পর কোনো হুমকি পেয়েছে কি না জানতে চাইলে শাহেদ বলে, ‘এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, কোনো হুমকি বা নেতিবাচক ফোন পাইনি। শুরুতে এতটা ভাইরাল হবে, তা ভাবিনি। ভেবেছিলাম, সিভিতে যুক্ত করব। তবে ভবিষ্যতে কোনো আশঙ্কা তৈরি হতেও পারে।’

আরও পড়ুন: আজ মন্ত্রিসভায় পে স্কেল, দ্রুত প্রজ্ঞাপন

আইনি ঝুঁকি এড়াতে বর্তমানে অভিযোগকারীদের নাম-পরিচয় কিংবা নির্দিষ্ট অভিযুক্ত ব্যক্তির তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে না। ভবিষ্যতে আইনি টিম গঠন বা সরকারি সমর্থন পেলে পূর্ণাঙ্গ তথ্য ড্যাশবোর্ডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে শাহেদ।

শাহেদের ভাষায়, ‘আমাদের মূল লক্ষ্য ছিল স্বচ্ছতা তৈরি করা। সরকারের টাকাগুলো কোথায় যাচ্ছে এবং কোথায় অপচয় হচ্ছে, তা সবাইকে জানানো। সরকারি অফিসে ঘুষ নেওয়া অত্যন্ত অন্যায় ও গর্হিত কাজ। আমরা বিষয়গুলো সবার সামনে পরিষ্কারভাবে তুলে ধরতে চাই, যেন মানুষ জানতে পারে বাংলাদেশে কীভাবে এসব অনিয়ম ঘটছে।’

সরকারি সেবায় ঘুষের মাত্রা শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করতে চায় শাহেদ। সে বলে, ‘সরকার যদি এই তথ্য-উপাত্ত ব্যবহার করে ব্যবস্থা নেয়, তাহলে তা শুধু আমাদের উদ্যোগের সফলতা নয়, দেশের জন্যও বড় সুফল বয়ে আনবে। আমার মূল লক্ষ্য কোনো নীতিগত শব্দের মধ্যে সীমাবদ্ধ নয়, আমি সোজা কথায় ঘুষের মাত্রা শূন্যে নামিয়ে আনতে চাই। যেন কোনো সরকারি প্রতিষ্ঠানে কারও ঘুষ নেওয়ার সুযোগ না থাকে এবং সাধারণ মানুষ কোনো অন্যায় বাধা ছাড়াই তাঁদের প্রাপ্য সেবা পেতে পারেন।’

তরুণদের এই উদ্যোগ পুলিশেরও নজরে এসেছে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, কোনো অনিয়ম বা ঘুষের তথ্য পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উদ্যোক্তাদের নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা দেখা দিলে পুলিশ প্রয়োজনীয় সহায়তা ও আইনি পদক্ষেপ নেবে।

সচেতন নাগরিক কমিটি (সনাক) ময়মনসিংহ জেলা শাখার সহসভাপতি শরীফুজ্জামান বলেন, দেশের দুর্নীতির অন্যতম প্রধান উৎস ঘুষ। এটি উন্নয়ন বাধাগ্রস্ত করার পাশাপাশি মানুষের মৌলিক অধিকার থেকেও বঞ্চিত করছে। ওয়েবসাইটটির মাধ্যমে দেশের বিভিন্ন পর্যায়ে ঘুষের যে চিত্র উঠে আসছে, তা গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকে প্রযুক্তিনির্ভর এমন স্বচ্ছতার উদ্যোগ নেওয়া হলে সাধারণ মানুষ উপকৃত হবে।

শাহেদের বাবা শরীফুল ইসলামও স্ত্রীর মৃত্যুর পর সরকারি অর্থ পেতে ঘুষ দেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেন, অনেকটা বাধ্য হয়েই প্রায় ৭ লাখ টাকা তুলতে ঘুষ দিতে হয়েছে। এখনো বাকি ১০ লাখ টাকা পেতে ১ লাখ টাকা ঘুষ দাবি করা হচ্ছে। কমপক্ষে ৮০ হাজার টাকা দিতে হবে বলেও তাঁকে জানানো হয়েছে।

শরীফুল ইসলাম বলেন, ‘কাগজপত্র নিয়ে শিক্ষা অফিসে দৌড়ঝাঁপ করেও কাজ হচ্ছে না। উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী মজিবুর রহমান জানিয়েছেন, উপজেলা ও জেলা শিক্ষা অফিস মিলে ১ লাখ টাকা না হলে কাজ হবে না। আমি জেদ ধরেছি, ঘুষ না দিয়ে পাওনা টাকা তুলব। দেশের স্বার্থে ছেলে যে উদ্যোগ নিয়েছে, তাতে আমার পূর্ণ সমর্থন রয়েছে।’

আমিনা খাতুনের পেনশনের টাকা পরিশোধ হলেও কল্যাণ তহবিল এবং চাকরিরত অবস্থায় মৃত্যুর কারণে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রাপ্য মোট ১০ লাখ টাকা কেন পাওয়া যাচ্ছে না, তা জানতে রোববার বিকেলে সদর উপজেলা শিক্ষা কার্যালয়ে যাওয়া হয়। তবে সংশ্লিষ্ট কর্মীরা শিক্ষকের ফাইল খুঁজে পাননি।

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মজিবুর রহমান ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘কেউ আমার কাছে এলে সর্বাত্মক সহযোগিতা করি। আমার কাছে কাগজ নিয়ে এলে দ্রুত স্বাক্ষর করিয়ে দিয়ে দিই।’

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন বলেন, ঘুষ দাবির বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁকে কিছু জানাননি। এমন কোনো ঘটনা ঘটে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি মৃত শিক্ষকের সব বকেয়া দ্রুত পরিশোধের আশ্বাস দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রান্নার সময় সেই গরুর মাংস সবুজ হওয়ার কারণ যা ছিলো

রান্নার সময় সেই গরুর মাংস সবুজ হওয়ার কারণ যা ছিলো

শিশু আছিয়া হত্যা, হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

শিশু আছিয়া হত্যা, হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

মায়ের পেনশনের টাকা তুলতে ঘুষ, প্রতিবাদে ‘ঘুষ.সাইট’ তৈরি

মায়ের পেনশনের টাকা তুলতে ঘুষ, প্রতিবাদে ‘ঘুষ.সাইট’ তৈরি

পে স্কেল নিয়ে সুখবর, অবসান হচ্ছে দীর্ঘ অপেক্ষার

পে স্কেল নিয়ে সুখবর, অবসান হচ্ছে দীর্ঘ অপেক্ষার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App