আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের নতুন অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৫:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে আওয়ামী লীগকে দূরে রাখা হয়েছে এমন অভিযোগ আন্তর্জাতিক সংস্থা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের কাছে করেছে দলটি। ঢাকায় সফররত আইপিইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সোমবার বিষয়টি সামনে আসে।
তিন দিনের সফরে বাংলাদেশে আসা আইপিইউ প্রতিনিধি দল সোমবার জাতীয় সংসদ ভবন পরিদর্শন করে। পরে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে আওয়ামী লীগের অভিযোগের বিষয়টি জানানো হয়।
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম ও বিরোধীদলীয় সংসদ সদস্য আকতার হোসেন যৌথ ব্রিফিংয়ে বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আইপিইউর কাছে নির্বাচনে অংশগ্রহণ থেকে তাদের বাদ দেওয়ার অভিযোগ করেছে।
ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কারের উদ্যোগ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব এবং সংসদে বিরোধী দলের মতামতকে গুরুত্ব দেওয়ার বিষয়গুলো আইপিইউ প্রতিনিধি দলের কাছে তুলে ধরা হয়।
আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের এই সফরে সংসদীয় কূটনীতি ও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
সফরকালে প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবন পরিদর্শনের পাশাপাশি স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় প্রতিনিধি এবং তরুণ ও নারী সংসদ সদস্যদের সঙ্গে পৃথক বৈঠক করে।
আরও পড়ুন: ৫ দিন ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা
সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে চিফ হুইপ নুরুল ইসলাম জানান, রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় আইপিইউ প্রতিনিধি দলের পক্ষ থেকে এর প্রশংসা করা হয়েছে। একই সঙ্গে সংসদীয় গণতন্ত্রের চর্চা এবং বিরোধী দলের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হয়েছে।
সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, সংবিধান সংশোধন, একজন ব্যক্তির প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালনের প্রস্তাব এবং আইনসভার উচ্চকক্ষ ও নিম্নকক্ষ গঠনের পরিকল্পনা সম্পর্কে আইপিইউ প্রতিনিধি দলকে বিস্তারিত জানানো হয়েছে।
এদিকে আওয়ামী লীগের অভিযোগ প্রসঙ্গে ব্রিফিংয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য আকতার হোসেন বলেন, আইপিইউ প্রতিনিধি দলের কাছ থেকে তারা জানতে পেরেছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়ও সংস্থাটির কাছে দেশের সংসদীয় গণতন্ত্র নিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করত।
তার দাবি, বর্তমানে ক্ষমতার বাইরে থাকা আওয়ামী লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের ক্ষেত্রে তাদের ‘মাইনাস’ বা বাদ দেওয়ার অভিযোগ করেছে।
আইপিইউ প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের অন্যতম উদ্দেশ্য সংসদীয় কূটনীতির কৌশলগত দিক এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা। সফরকালে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করবেন।
সফরসূচি অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের ঢাকা ছাড়ার কথা রয়েছে।
