নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ, যেদিন থেকে বাড়বে বেতন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পিএম
ছবি : সংগৃহীত
সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ করা হয়েছে। ‘চাকরি আদেশ ২০২৬’ নামে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ গেজেট জারি করা হয়। নতুন কাঠামো অনুযায়ী দুই অর্থবছরে চার ধাপে সরকারি কর্মচারীদের বেতন ও বিভিন্ন ভাতা বাস্তবায়ন করা হবে।
নতুন পে-স্কেলে মূল বেতনের ৩০ শতাংশ চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। এরপর আগামী বছরের ১ জানুয়ারি থেকে আরও ৩৫ শতাংশ কার্যকর করার কথা বলা হয়েছে। বাকি অংশ পরবর্তী অর্থবছরের জুলাইয়ে এবং বিভিন্ন ভাতা তার পরবর্তী জানুয়ারিতে বাস্তবায়ন করা হবে।
নতুন বেতন কাঠামোর আওতায় প্রায় ২৪ লাখ সরকারি কর্মচারী সুবিধা পাবেন। প্রায় ১১ বছর পর নবম বেতন কাঠামো ঘোষণা করা হলো। এতে বিভিন্ন গ্রেডে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
গেজেট অনুযায়ী, জুলাই থেকে কার্যকর হওয়া বাড়তি বেতনের অর্থ কর্মচারীরা পাবেন। জুলাই ও আগস্ট মাসের বর্ধিত অর্থ বকেয়া হিসেবেও পরিশোধ করা হবে।
নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে মহার্ঘ ভাতা বিলুপ্ত হবে। ইতোমধ্যে জুলাই ও আগস্ট মাসের মহার্ঘ ভাতা যারা পেয়েছেন, তা নতুন বর্ধিত বেতনের সঙ্গে সমন্বয় করা হবে।
আরও পড়ুন: পে-স্কেলের প্রজ্ঞাপন কবে, জানালো সরকার
নতুন কাঠামোয় প্রথম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। তবে মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের বেতন হবে ১ লাখ ৭০ হাজার টাকা। জ্যেষ্ঠ সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা।
গেজেটে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জুলাইয়ের আগে যারা অবসরে গেছেন, তারা নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের সুবিধা পাবেন না।
পেনশনভোগীদের জন্যও নতুন সুবিধা রাখা হয়েছে। ৬৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের নিট পেনশন ৫০ শতাংশ এবং অন্য পেনশনভোগীদের ৪০ শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছে।
