মহিলা পরিষদের বিজ্ঞপ্তি
আগস্টে ধর্ষণের শিকার অর্ধশতাধিক,অধিকাংশই শিশু
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ এএম
ছবি: সংগৃহীত
দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে নারী ও শিশু নির্যাতন। গত আগস্ট মাসেই ২৫২ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৫৫ জনকে হত্যা করা হয়েছে এবং ধর্ষণের শিকার হয়েছেন ৫৪ জন। অত্যন্ত উদ্বেগজনক বিষয় হলো, ধর্ষিতদের মধ্যে ৩৬ জনই শিশু।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক পত্রিকা ও দুটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে আগস্ট মাসের নারী ও কন্যাশিশু নির্যাতনের তথ্য সংকলন করা হয়েছে।
মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, আগস্টে নির্যাতনের শিকার ২৫২ জনের মধ্যে ১১৮ জন কন্যাশিশু এবং ১৩৪ জন নারী। হত্যাকাণ্ডের শিকার ৫৫ জনের মধ্যে ১০ জন কন্যাশিশু ও ৪৫ জন নারী।
আরো পড়ুন: ৪ মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা
ধর্ষণের শিকার ৫৪ জনের মধ্যে ৩৬ জন কন্যাশিশু এবং ১৮ জন নারী। তাদের মধ্যে ৮ জন কন্যাশিশুসহ ১৩ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে এক কন্যাশিশুসহ দুজনকে। এ ছাড়া ১১ জন কন্যাশিশুসহ ১৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগস্টে যৌন সহিংসতার শিকার হয়েছে ২৪ জন কন্যাশিশুসহ মোট ৩০ জন। তাদের মধ্যে ১২ জন কন্যাশিশুসহ ১৪ জন যৌন নিপীড়নের এবং ৮ জন কন্যাশিশুসহ ৯ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছে।
এ ছাড়া সাইবার সহিংসতার শিকার হয়েছে চার কন্যাশিশুসহ সাতজন।
মহিলা পরিষদের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগস্টে নারী ও কন্যাশিশুরা হত্যাচেষ্টা, অগ্নিদগ্ধ, আত্মহত্যা, গৃহকর্মী নির্যাতন, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ ও অপহরণসহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে।
