নেপালের দুর্যোগে বাংলাদেশের সহায়তা ঘোষণা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ অবস্থায় দেশটির দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ১ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা, জরুরি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার।
ঢাকা ও কাঠমান্ডুর দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এ সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে অর্থটি দেওয়া হবে। অনুদানের বিষয়টি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে রয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা
নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ এই দুর্যোগে নিহতের সংখ্যা ইতোমধ্যে ১ হাজার ১০০ ছাড়িয়েছে। পাশাপাশি প্রায় সাড়ে ৪ হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুধবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত তথ্যে জানিয়েছে, ভয়াবহ আকস্মিক বন্যার পর দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন।
অন্যদিকে, চীনের অংশে এ দুর্যোগে অন্তত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে নিখোঁজ রয়েছেন ৫৪৬ জন। নিখোঁজদের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক।
