হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পিএম
ছবি : সংগৃহীত
ইরানের নিয়ন্ত্রণাধীন গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জ্বালানিবাহী বাংলাদেশি জাহাজ চলাচলে কোনো ধরনের বাধা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি।
বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ইরানের রাষ্ট্রদূত বলেন, হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না। মক্কা প্যাক্ট নিয়েও ইরানের কোনো উদ্বেগ নেই। সদস্য দেশগুলোর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলে তেহরানও এতে যোগ দেবে।
আরও পড়ুন: নেপালের দুর্যোগে বাংলাদেশের সহায়তা ঘোষণা
তিনি বলেন, মক্কা প্যাক্ট কোনোভাবেই ইরানবিরোধী জোট নয়। এ বিষয়ে বাংলাদেশের ইতিবাচক অবস্থানকে তেহরান স্বাগত জানায়।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর প্রতিবাদে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। একপর্যায়ে তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে আধিপত্য ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে এখনো হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতেই রয়েছে। দেশটির অনুমতির ভিত্তিতেই বিভিন্ন দেশের জাহাজ এই নৌপথ ব্যবহার করতে পারছে।
