×

জাতীয়

এইচআরএসএস’র প্রতিবেদন

আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, মব সহিংসতায় ২৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম

আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, মব সহিংসতায় ২৮

ফাইল ছবি

চলতি বছরের আগস্ট মাসে সারাদেশে রাজনৈতিক সহিংসতার ঘটনায় দলীয় কোন্দল ও অন্তর্কোন্দলে ৭ জন নিহত এবং ৫৩৬ জনের অধিক বিভিন্ন দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন। সোমবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি–এইচআরএসএস’।

প্রতিবেদনে বলা হয়, দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর সংগৃহীত তথ্য ও ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের ভিত্তিতে ২০২৬ সালের আগস্ট মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে ৭০টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন ৭ জন এবং আহত হয়েছেন ৫৩৬ জন। আগস্ট মাসে রাজনৈতিক সহিংসতা ও হতাহতের সংখ্যা জুলাই মাসের তুলনায় বেড়েছে। গত জুলাই মাসে ৪৫টি “রাজনৈতিক সহিংসতার” ঘটনায় নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন ১৬৪ জন।

আরও পড়ুন: সাংবাদিকদের কলমের খোঁচায় যেন কারও মান ক্ষুণ্ন না হয়: তথ্যমন্ত্রী

বিএনপির অন্তর্কোন্দলে নিহত ৫ জন

আগস্ট মাসে সহিংসতার অন্তত ৭০টি ঘটনার মধ্যে বিএনপির অন্তর্কোন্দলে ২০টি ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫২ জন ও নিহত ৫ জন। ১৮টি বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ২৩৩ জন ও নিহত ১ জন। ৭টি বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে আহত ২৬ জন ও নিহত ১ জন। ৬টি বিএনপি-এনসিপির মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ১৬ জন, ১০টি বিএনপি-অন্যান্য দলের মধ্যে সংঘর্ষে ৩৮ জন আহত হয়েছেন। বিভিন্ন দলের মধ্যে ৯টি ঘটনায় আহত হয়েছেন ৭১ জন। নিহত ৭ জনের মধ্যে বিএনপির ৫ জন, আওয়ামী লীগের ১ জন ও জামায়াতের ১ জন।

এ সকল ঘটনার মধ্যে ক্যাম্পাসকেন্দ্রিক ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষের অন্তত ১৩টি ঘটনায় আহত হয়েছে ২১৬ জন। এর মধ্যে ছাত্রদল-শিবির ৮টি ঘটনায় ১৮১ জন এবং ছাত্রদল, অন্যান্য ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ৫টি ঘটনায় ৩৫ জন আহত হয়েছে।

‘আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ ও হামলা, দলীয় ও অন্তর্কোন্দল, ও চাঁদাবাজিকেন্দ্রিক অধিকাংশ সহিংসতার ঘটনা ঘটেছে। পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদের ওপর পৃথক হামলা, গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এবং দেশের কয়েকটি জেলায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে’ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর পাশাপাশি দুষ্কৃতকারীদের দ্বারা রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের ওপর হামলার অন্তত ৪টি ঘটনায় ৩ জন আহত এবং ২ জন নিহত হয়েছেন। অন্তত ১২ জন রাজনৈতিক নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়াও সারাদেশে আধিপত্য বিস্তার, দখলদারিত্ব, রাজনৈতিক সহিংসতা ও চাঁদাবাজিকেন্দ্রিক ১৯টি ঘটনায় অর্ধশতাধিক বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, দলীয় কার্যালয়ে সংঘর্ষ, হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকদের মধ্যে সহিংসতা ও হামলার ঘটনাও উদ্বেগের সৃষ্টি করেছে। আগস্ট মাসে কুষ্টিয়া ও সাতক্ষীরায় স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছে।

৬২টির অধিক রাজনৈতিক মামলা

এছাড়া, রাজনৈতিক মামলার বিষয়ে প্রতিবেদনে বলা হয়, এ মাসে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীদের নামে ৬২টির অধিক মামলা হয়েছে। এসব মামলায় ১১২৫ জনের নাম উল্লেখ করে এবং আরও প্রায় ২২০৯ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এছাড়া, একই মাসে রাজনৈতিক ও অন্যান্য মিলিয়ে মোট ১৬২টি ঘটনায় ১২৮২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আওয়ামী লীগের অন্তত ৪২৯ জন নেতাকর্মী, বিএনপির ২২ জন, জামায়াতে ইসলামির ৪ জন, এনসিপির ৯ জন এবং উগ্রপন্থী সংগঠনের ৫ জন সদস্য রয়েছে।

মব সহিংসতায় ২৮ জন নিহত

মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে বলা হয়, এ মাসে গণপিটুনি ও মব সহিংসতায় সারাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, বাক্‌বিতণ্ডা, আধিপত্য বিস্তার, ধর্মীয় অবমাননাসহ নানা অভিযোগে গণপিটুনি ও মব সহিংসতার কমপক্ষে ৫৩টি ঘটনায় নিহত হয়েছেন অন্তত ২৮ জন এবং আহত হয়েছেন ৬২ জন।

নির্যাতন ও হয়রানির শিকার ৪৫ সাংবাদিক

আগস্ট মাসে সাংবাদিক নির্যাতনের ঘটনার তথ্য উল্লেখ করে বলা হয়েছে, এ মাসে অন্তত ৩২টি নির্যাতনের ঘটনায় কমপক্ষে ৪৫ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এ সকল ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ২৬ জন, লাঞ্ছনার শিকার হয়েছেন ৬ জন, হুমকির সম্মুখীন হয়েছেন ৭ জন সাংবাদিক। ৫ জন সাংবাদিককে আটক করা হয়েছে। এছাড়া সংবাদ প্রকাশের জেরে ১টি মামলায় ১ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর আওতায় ১টি মামলায় ১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

সভা-সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের ঘটনা ঘটেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এ মাসে ১৩টি সভা ও সমাবেশ আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরাসরি বা পরোক্ষভাবে বাধা প্রদান করে, এতে ৬১ জন আহত ও ৮ জনকে আটক করা হয়েছে।

এছাড়া এ মাসে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ মাসে অন্তত ৮টি ঘটনায় ১০ জনকে আটক ও ৮টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় অন্তত ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনায় ২ জন, রাজনৈতিক ও অন্যান্য কনটেন্ট তৈরি ১ জন, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কটুক্তির অভিযোগে ২ জন এবং অন্যান্য ইস্যুতে ৬ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে সাইবার সুরক্ষা আইন-২০২৬-এর বিভিন্ন ধারার অধীনে পৃথক ৪টি মামলায় ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে, এসব ঘটনায় ৫ জনকে আটকও করা হয়েছে।

কারাগারে মৃত্যুর বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে বলা হয়, এ মাসে সারাদেশে কারাগারে কমপক্ষে ৬ জন আসামি মারা গিয়েছেন। এর মধ্যে ১ জন কয়েদি ও ৫ জন হাজতি। এর মধ্যে আওয়ামী লীগের ১ জন ও ৫ জন সাধারণ কয়েদি ছিলেন।

সারাদেশের নদী, খাল, জঙ্গল ও পরিত্যক্ত স্থানে দুর্বৃত্তদের হাতে পরিকল্পিত বা অপরিকল্পিতভাবে হতাহতের বিষয়ে উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে বলা হয়, আগস্ট মাসে সারাদেশে নদী, খাল, জঙ্গল ও পরিত্যক্ত স্থানে দুর্বৃত্তদের হাতে পরিকল্পিত বা অপরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের ৮২টি ঘটনায় ৮৭টি লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে বস্তাবন্দি অবস্থায় ১২টি, ঝুলন্ত অবস্থায় ১৭টি, শরীরে একাধিক আঘাতসহ ২৬টি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া গলা কেটে হত্যা ৯টি, হাত-পা বাঁধা ৮টি লাশ পাওয়া গেছে। এর বাইরে নানা ধরনের পরিস্থিতিতে আরও ১৫টি লাশ পাওয়া গেছে।

সীমান্তে হতাহত ও আটকের ঘটনায় উদ্বেগ জানিয়ে এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়, আগস্ট মাসে ভারত-বাংলাদেশ সীমান্তে ৮টি ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হামলায় নিহত হয়েছেন ২ জন এবং আহত হয়েছেন ১ জন, যাদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ৩ জন। সীমান্তবর্তী এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া বিভিন্ন সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইন এবং ১৮ জনকে পুশইনের চেষ্টা করা হয়েছে।

অপরদিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে একজন বাংলাদেশি যুবক নিহত, ১ জন আহত ও ৩ জনকে জলসীমা থেকে আটক করা হয়েছে। শ্রমিক নির্যাতনে মানবাধিকার লঙ্ঘনের বিষয় উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট মাসে অন্তত ৮৪টি শ্রমিক নির্যাতনের ঘটনায় নিহত হয়েছেন ১৯ জন, আহত হয়েছেন কমপক্ষে ৬৭ জন। অস্বাস্থ্যকর পরিবেশ এবং শ্রমিকদের সুরক্ষামূলক সরঞ্জামের অভাবে দুর্ঘটনায় অন্তত ৬৩ জন শ্রমিক তাঁদের কর্মক্ষেত্রে মারা গেছেন। এছাড়া পৃথক দুটি ঘটনায় ২ জন গৃহকর্মীর মৃত্যু ও ১ জন নির্যাতনের শিকার হয়েছেন।

এ মাসে ২৪৯ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, আগস্ট মাসে কমপক্ষে ২৪৯ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন অন্তত ৭৯ জন, যাদের মধ্যে ৪৬ (৫৮%) জন ১৮ বছরের কম বয়সী শিশু ও কিশোরী। এটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে, ১৮ জন নারী ও কন্যাশিশু গণধর্ষণের শিকার হয়েছেন। অন্যদিকে ৯৩ জন নারী ও কন্যাশিশু যৌন নিপীড়নের শিকার হয়েছেন, তন্মধ্যে শিশু ৩৮ জন। যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় নিহত ৬ জন, আহত হয়েছেন ৭ জন নারী এবং ১ জন আত্মহত্যা করেছেন। পারিবারিক সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন ৪৯ জন, আহত হয়েছেন ৩১ জন এবং আত্মহত্যা করেছেন ২৩ জন নারী।

অন্যদিকে, অন্যদিকে, এটি উদ্বেগজনক যে, ২৮২ জন শিশু নির্যাতনের শিকার হয়েছেন যাদের মধ্যে ৭৭ জন প্রাণ হারিয়েছেন এবং ২০৫ জন শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।

সার্বিক বিষয়ে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, এ মাসে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি একটি সংবেদনশীল ও পরিবর্তনশীল পর্যায় অতিক্রম করেছে। সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা, জাতীয় সংসদকে ঘিরে বিতর্ক এবং জননিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক রূপ ধারণ করেছে।

তিনি আরও বলেন, মাসজুড়ে রাজনৈতিক সহিংসতা, বিশেষ করে ক্যাম্পাসে সহিংসতা, গণপিটুনি ও মব সহিংসতা, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, সাংবাদিক নির্যাতন, নারী ও শিশু নির্যাতন, সীমান্তে সহিংসতা, শ্রমিক নির্যাতনের ঘটনা উদ্বেগজনকহারে ঘটেছে। তবে এ মাসে মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তার, হয়রানি ও আইনি পদক্ষেপ গ্রহণের ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এসব বিষয় সমাধান করা না হলে মানবাধিকার পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

এ সময় সরকারের প্রতি মানবাধিকার রক্ষায় আরও জবাবদিহিমূলক ও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানোর পাশাপাশি সকল নাগরিক, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনের প্রতি এইচআরএসএসের পক্ষ থেকে অধিক সোচ্চার ও সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, ‘এসআরবি’ গঠনের বিল সংসদে

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, ‘এসআরবি’ গঠনের বিল সংসদে

প্রায় ৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে জুলাই-আগস্টে

প্রায় ৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে জুলাই-আগস্টে

উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা

উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা

আসিফ মাহমুদের সময়কালের নথিপত্র চেয়ে দুদকের চিঠি

নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগ আসিফ মাহমুদের সময়কালের নথিপত্র চেয়ে দুদকের চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App