×

জাতীয়

‘নতুন মোড়কে র‍্যাব’, এসআরবি বিল নিয়ে সংসদে তুমুল বিতর্ক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পিএম

‘নতুন মোড়কে র‍্যাব’, এসআরবি বিল নিয়ে সংসদে তুমুল বিতর্ক

ছবি: এআই নির্মিত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন নামে বিশেষায়িত ইউনিট গঠনের প্রস্তাব নিয়ে জাতীয় সংসদে তুমুল বিতর্ক হয়েছে। বিরোধী দলের তীব্র আপত্তির মধ্যেই বৃহস্পতিবার রাতে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় নাহিদ ইসলাম ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিলটির বিরোধিতা করেন। নাহিদ ইসলাম এসআরবিকে ‘নতুন মোড়কে র‍্যাবের পুনর্গঠন’ বলে মন্তব্য করেন। পরে বিলটি সর্বসম্মতিক্রমে উত্থাপিত হয়।

বিলটি উত্থাপনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্তক্রমে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে পুলিশ বাহিনীর আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট গঠন, তার নিয়ন্ত্রণ, পরিচালনা, শৃঙ্খলা রক্ষা এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে আনীত একটি বিল—স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬ মহান জাতীয় সংসদে উত্থাপন করছি।’

এর আগে বিলটি উত্থাপনের তীব্র বিরোধিতা করে সংসদে উত্থাপনের অনুমতি না দেওয়ার জন্য স্পিকারের প্রতি আহ্বান জানান বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম।

আরও পড়ুন: সাংবাদিকদের কলমের খোঁচায় যেন কারও মান ক্ষুণ্ন না হয়: তথ্যমন্ত্রী

নাহিদ ইসলাম বলেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—‘র‍্যাব’ নামক প্রতিষ্ঠানটি বিগত ফ্যাসিবাদী সময়ে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গোপন বন্দিশালা তথা আয়নাঘর—আমাদের এখানে অনেক সংসদ সদস্য রয়েছেন, যাদের সে আয়নাঘরে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে—ইত্যাদি কারণে এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে, জাতীয়ভাবে বিতর্কিত হয়েছে, প্রশ্নবিদ্ধ হয়েছে।

তিনি বলেন, রাজনৈতিকভাবে বিএনপি বলুন, জামায়াতে ইসলামী, এনসিপি বা ১১ দল—আমাদের সবার কিন্তু একটা প্রতিশ্রুতি ছিল যে আমরা র‍্যাব বিলুপ্ত করব। এমনকি এই নির্বাচনের আগেও বর্তমান সরকার দল, বিএনপি- তারা কিন্তু প্রেস ব্রিফিং করে বলেছিল যে তারা র‍্যাব বিলুপ্ত করবে। ফ্যাসিবাদী সময়েও তারা বারবার বলেছে যে র‍্যাব তারা বিলুপ্ত করবে। তখন কিন্তু তারা বলেনি যে র‍্যাব বিলুপ্ত করে র‍্যাবের মতোই আরেকটি প্রতিষ্ঠান তারা নিয়ে আসবে।

নাহিদ ইসলাম বলেন, এই র‍্যাবে আমরা দেখেছি বিভিন্ন সময়ে সামরিক বাহিনীর ব্যক্তিবর্গদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। সামরিক বাহিনী এবং পুলিশ—দুটোকেই একটা রাজনৈতিকীকরণ, নিপীড়ক একটা হাতিয়ারে পরিণত করা হয়েছিল এবং জাতিসংঘ, মানবাধিকার সংগঠন—বিভিন্ন জায়গা থেকে পরামর্শ এসেছিল এই র‍্যাবটাকে যাতে বিলুপ্ত করা হয়। ফলে আমাদের কাছে মনে হচ্ছে যে, র‍্যাব বিলুপ্ত করে তার জনবল দিয়েই আবার এসআরবি প্রতিষ্ঠা করা, এটা নতুন মোড়কে র‍্যাবটাকে নিয়ে আসা, র‍্যাবের একটা পুনর্গঠন করা হচ্ছে। ফলে পুলিশের এই ধরনের বিশেষ বিশেষায়িত ইউনিট কেন গঠন প্রয়োজন, সেটা কিন্তু সেই সময়েই প্রশ্ন তৈরি হয়েছিল।

স্পিকারকে সম্বোধন করে তিনি বলেন, ‘এটা আমাদের ফ্যাসিবাদী সময়ের একটা দাগ, আমাদের একটা ক্ষতচিহ্ন, একটা আতঙ্ক, ফ্যাসিবাদের একটা চিহ্ন হচ্ছে এই র‍্যাব বা এই প্রতিষ্ঠানটি। ফলে সেটা প্রথমে বিলুপ্ত করা হোক এবং পুলিশের বিশেষায়িত যদি কোনো ইউনিট প্রয়োজন হয়, সেটা এই সংসদে বিশদ আলোচনার প্রয়োজন আছে। সে আলোচনা করে তারপরে এ ধরনের বিল উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) আনতে পারেন। তার আগ পর্যন্ত, আপনার কাছে অনুরোধ থাকবে যে এ বিলটি যাতে উত্থাপন করার অনুমতি না দেন।’

নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল আগস্টের ৮ তারিখ ২০২৪। বিরোধী দলের চিফ হুইপ সেই সরকারের অ্যাডভাইজার ছিলেন। আমি খুশি হতাম এই প্রস্তাবটা যদি অন্তর্বর্তী সরকারের এডভাইজরি বোর্ডে তিনি প্লেস করতেন।

তিনি বলেন, ২০২৬-এর ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলো। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই তো হলো। এই র‍্যাব কিন্তু দায়িত্ব পালন করেছে। সেই ১৮ মাসে তাদের একবারও মনে হয়নি একটা অধ্যাদেশ জারি করে বিলুপ্ত করার? তখন ১৩৩টার স্থলে ১৩৪টা হতো অধ্যাদেশ। সেই অধ্যাদেশ তাহলে আমরা প্রথম অধিবেশনে বিবেচনায় নিতাম।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর প্রধান ছিলেন কুখ্যাত বেনজীর। আমরা পুলিশ বাহিনী বিলুপ্ত করে দেব? মাথা ব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না। এই পুলিশ বাহিনীর অনেকেই আজকে কারাগারে আছে। আইসিটি ট্রাইব্যুনালে যাদের বিচার হচ্ছে, সেখানে হারুন আছে, বিপ্লব আছে, আরও কী কী যেন আছে, হাবিব আছে—যাদের অনেকের সাজা হয়েছে। কিন্তু পুলিশ বাহিনী তো আছে। এই পুলিশ বাহিনীকে আমরা স্ট্রেন্থেন করছি, মডার্নাইজ করছি। তাদের মোরালি আমরা আরও আপগ্রেড করছি, ওয়েল ইকুইপড করছি, ট্রেইন্ড করছি, সমাজের চাহিদা অনুযায়ী করছি। প্রতিষ্ঠানের কোনো দোষ নয়। প্রতিষ্ঠান যারা চালায়, সেই রাজনৈতিক অথবা মাফিয়া শক্তির দোষ। প্রতিষ্ঠানের দোষ হতে পারে না।

আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলি নাই—উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বলেছি এজন্য যে গতকালকে যেটা বাস্তবতা ছিল, আজকে সেটা বাস্তবতা ফুরিয়ে যায়নি। গতকালকে যেটা প্রয়োজন ছিল, সেটা আপনারা করেন নাই বলে কি আমরা করব না? আমরা খুশি হতাম একটা অধ্যাদেশ নিয়ে এসে এই নামটা তখন বিলুপ্ত করলে, সংশোধন করলে, তখন তার বক্তব্য গ্রহণযোগ্য হতো। সেজন্যই বলছি।

তিনি বলেন, যে বাস্তবতার নিরীখে কথা বলুন এবং জাতির প্রত্যাশা অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও উন্নত করার জন্য আমাদের যে বিশেষায়িত ফোর্স দরকার, সেই প্রয়োজনীয়তাটা অনুভব করুন। সেই লক্ষ্যেই আমরা এই দুইটা আইন নিয়ে এসেছি আজকে।

আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান র‍্যাব বিলুপ্তির উদ্যোগকে সমর্থন জানান। তবে একই ধাঁচের নতুন বাহিনী গঠন প্রসঙ্গে তিনি বলেন, ‘র‍্যাব বিলুপ্তির পর নতুন শক্তির কথা শুনলে জনগণের মনে হতে পারে শুধু পোশাক বা অ্যাপ্রোন পরিবর্তন করা হয়েছে, মূল কনসেপ্ট একই রয়ে গেছে।’

নারায়ণগঞ্জের সাত খুনসহ অতীতের বিভিন্ন গুম ও চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে জামায়াত আমির বলেন, পুরো জাতি এখনো ট্রমাটাইজড। তাড়াহুড়ো না করে আরও বিচার-বিশ্লেষণ করে সর্বসম্মতিক্রমে স্বচ্ছ আইন আনার অনুরোধ জানান তিনি।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ঐকমত্যের ভিত্তিতে আইন পাসের আশ্বাস দেন। নিজের গুম ও নির্যাতনের অতীতের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের সদিচ্ছা থাকলে কোনো বাহিনীর অপব্যবহার হতে পারে না।

বিরোধী দলের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিলের পরীক্ষার সময়সীমা দুই দিনের পরিবর্তে বাড়িয়ে চার কার্যদিবস করার প্রস্তাব করেন তিনি।

ডেপুটি স্পিকার বিলটি উত্থাপনের অনুমতি দিলে চার কার্যদিবসের মধ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬-এর প্রতিবেদন দাখিলের শর্তে বিল-সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, গ্রেপ্তার যুবক

সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, গ্রেপ্তার যুবক

‘নতুন মোড়কে র‍্যাব’, এসআরবি বিল নিয়ে সংসদে তুমুল বিতর্ক

‘নতুন মোড়কে র‍্যাব’, এসআরবি বিল নিয়ে সংসদে তুমুল বিতর্ক

নতুন মোড়কে র‍্যাবকেই পুনর্গঠন করা হচ্ছে

র‍্যাব বিলুপ্ত নিয়ে নাহিদ নতুন মোড়কে র‍্যাবকেই পুনর্গঠন করা হচ্ছে

কম্বোডিয়ায় স্ক্যামের শিকার ৩৮ বাংলাদেশি দেশে ফিরলেন

কম্বোডিয়ায় স্ক্যামের শিকার ৩৮ বাংলাদেশি দেশে ফিরলেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App