বিরোধীদলীয় নেতার জন্য যে দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ অধিবেশনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য দোয়া করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় বিরোধীদলীয় নেতার জন্য দোয়া করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মাননীয় বিরোধীদলীয় নেতা আমার জন্য এই মহান সংসদে দাঁড়িয়ে দুই হাত তুলে মোনাজাত করেছেন। তাই আমিও দোয়া করছি।’
এরপর ডা. শফিকুর রহমানের জন্য দোয়া করে তিনি বলেন, ‘রব্বুল আলামিন আমাদের মাননীয় বিরোধীদলীয় নেতাকে শ্বেত-শুভ্র বুজুর্গানে দ্বীন। তাঁর হায়াতে তাইয়্যেবা দান করুন। সবরে জামিল দান করুন।’
আরও পড়ুন: ‘কোরআনের বিধানের বিরুদ্ধে হাত দেওয়ার পরিণাম শুভ হবে না’
এর আগে গত ৩ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘এসআরবি বিল ২০২৬’ নিয়ে আলোচনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য দুই হাত তুলে দোয়া করেন ডা. শফিকুর রহমান।
সে সময় মোনাজাতের ভঙ্গিতে বিরোধীদলীয় নেতা বলেন, ‘হে রাব্বুল আলামিন, তুমি উনার দিলটাকে অনেক বড় করে দাও। আল্লাহ তায়ালা, জাতির স্বার্থেই বড় করে দিন।’
এদিকে, বিরোধীদলীয় নেতার দোয়ার সময় নিজ আসনে বসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ‘আমিন’ বলতে এবং পরে মুখে হাত বুলাতে দেখা যায়।
