বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম
ছবি: সংগৃহীত
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এ ঘটনা কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, “এ ব্যাপারে ওই দেশে যা যা আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়, তার প্রসেস শুরু হয়েছে। আমরা অবশ্যই এটা ছেড়ে দেব না, কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না।”
বাঁধনের ওপর হামলার ঘটনাকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেও মন্তব্য করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, “আজমেরী হক বাঁধনের উদ্দেশে বলব, এটা এক ধরনের অর্জন, সম্মানপ্রাপ্তি যে আওয়ামী লীগের হেনস্তার শিকার হওয়া, একটা মাফিয়া গ্যাংয়ের শিকার হওয়া প্রমাণ করে আপনি সঠিক পথে ছিলেন।”
হামলার মধ্য দিয়ে আওয়ামী লীগের ‘চরিত্র উন্মোচিত’ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “যারা করেছেন (হামলা), তাদের একটু ধন্যবাদও দেওয়া উচিত যে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) কী বস্তু, আওয়ামী লীগ কারা করেন, আওয়ামী লীগ কী।”
আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে মনে করেন না জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, “ইটস এ মাফিয়া গ্যাং।” তার দাবি, বাঁধনের ওপর হামলার ঘটনাটি আওয়ামী লীগকে ‘মাফিয়া গ্যাং’ বলার একটি প্রমাণ।
আরও পড়ুন: বাঁধনের ওপর হামলা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রদূত আনসারী
আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে দেশে তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত কি না—বাঁধনের ওপর হামলার ঘটনা সেই প্রশ্ন আবারও সামনে এনেছে বলেও মন্তব্য করেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, “আপনি যদি যা যা ঘটিয়েছেন, এরপর যদি ন্যূনতম আপনার দুঃখবোধ থাকত, আপনার যদি রাজনীতিতে ফিরে আসার উদ্দেশ্য থাকত, এই সহিংসতাগুলো করা হতো না। কোনোভাবেই হতো না।”
তিনি আরও বলেন, বাঁধনের ওপর হামলার ঘটনায় সরকার কোনোভাবেই ছাড় দেবে না এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকার প্রস্তুত রয়েছে।
ইতালিতে বাঁধনের ওপর হামলা
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে সপরিবারে ইতালিতে গিয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভাই ও তার পরিবারের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে সেখানে ‘আওয়ামী লীগ সমর্থক’ কয়েকজন প্রবাসী তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন বাঁধন।
লাইভে এসে বাঁধন জানান, হামলাকারীরা তাকে শারীরিকভাবে আঘাত করেন এবং তার শরীরে ডিম, পানি ও কোমল পানীয় নিক্ষেপ করেন। একপর্যায়ে তাকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা হয় বলেও জানান তিনি।
ঘটনাটি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
