×

জাতীয়

ছবি ছাড়া এনআইডি দেওয়ার সুযোগ নেই, রুল খারিজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

ছবি ছাড়া এনআইডি দেওয়ার সুযোগ নেই, রুল খারিজ

ছবি : সংগৃহীত

ছবি ছাড়াই বায়োমেট্রিক তথ্য ব্যবহারের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে জাতীয় পরিচয়পত্র তৈরিতে ছবি থাকা বাধ্যতামূলকই থাকছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ওমর শরীফ ও আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডল। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।

আরও পড়ুন: একনেক সভা কী, কীভাবে কাজ করে

রায়ের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী কামাল হোসেন মিয়াজী বলেন, হাইকোর্ট রুলটি খারিজ করে দিয়েছেন। এর ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র দেওয়ার সুযোগ থাকছে না।

২০২২ সালে রাজধানীর শাহজাহানপুর শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা ইসলামী শরিয়াহ অনুযায়ী পর্দা করেন- এমন কথা জানিয়ে এ বিষয়ে রিট আবেদন করেন। রিটে তার স্বামী মুহম্মদ আরিফুর রহমানকে অথরিটি দেওয়া হয়।

এর আগে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের কাছে আবেদন করেন সুমাইয়া আহমাদ মুনা। আবেদনে তিনি উল্লেখ করেন, তিনি একজন প্রাপ্তবয়স্ক ও পর্দানশীন মুসলিম নারী। তিনি নিয়মিত ইসলামী শরিয়াহর বিধান ও নির্দেশনা মেনে চলেন। এ কারণে কোনো ধরনের ছবি তোলা থেকে বিরত থাকেন।

ছবি না তোলার কারণে তার জাতীয় পরিচয়পত্র হয়নি। পরিচয়পত্র না থাকায় বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও তিনি বঞ্চিত হচ্ছেন বলে আবেদনে জানান। এ পরিস্থিতিতে ছবি ছাড়া বিকল্প পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি। তবে তার আবেদন নিষ্পত্তি না হওয়ায় পরে হাইকোর্টের দ্বারস্থ হন।

রিটের শুনানি শেষে ২০২২ সালের ৬ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। রুলে ছবি ছাড়া বিকল্প পরিচয় বা বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

বুধবার সেই রুলই খারিজ করে দিলেন হাইকোর্ট।

রুল জারির সময় রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে বলা হয়েছিল, এ ধরনের আবেদনই সংবিধানবিরোধী। রাষ্ট্রপক্ষের যুক্তি ছিল, হজে যেতে হলেও ছবি দিতে হয় এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও ছবি প্রয়োজন হয়। ছবি ছাড়া পরিচয়পত্র দেওয়া হলে ওই পরিচয়পত্র ব্যবহার করে অন্য কেউ অর্থ তুলে নিলে তার দায় কীভাবে নির্ধারণ করা হবে- এ নিয়েও প্রশ্ন তোলে রাষ্ট্রপক্ষ।

এ ছাড়া রাষ্ট্রপক্ষ আরও জানিয়েছিল, বায়োমেট্রিক পরিচয় নিশ্চিত করতে চোখের আইরিশের তথ্য প্রয়োজন হয়। সেক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য সংগ্রহের সময় পর্দা সরানোর প্রয়োজন হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোরীকে ধর্ষণের পর পালালো যুবক, অতঃপর...

কিশোরীকে ধর্ষণের পর পালালো যুবক, অতঃপর...

ফের বাড়ল জেট ফুয়েলের দাম

ফের বাড়ল জেট ফুয়েলের দাম

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

আট বিভাগেই বজ্রবৃষ্টির আভাস

আট বিভাগেই বজ্রবৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App