×

জাতীয়

একনেক সভা কী, কীভাবে কাজ করে

Icon

নাজমুল হাসান, ভোরের কাগজ

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম

একনেক সভা কী, কীভাবে কাজ করে

ছবি : সংগৃহীত

দেশের বড় উন্নয়ন প্রকল্প গ্রহণ, অনুমোদন ও বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক। সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ডের সমন্বয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে বিনিয়োগের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে একনেকের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একনেক কী

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সংক্ষিপ্ত রূপ একনেক। এটি সরকারের একটি নির্বাহী কমিটি, যার মূল দায়িত্ব হলো জাতীয় গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের প্রস্তাব যাচাই ও অনুমোদন, প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড ও নীতি-নির্ধারণী বিষয় পর্যবেক্ষণ করা।

আরও পড়ুন: মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ে ঘুরছে পে-স্কেলের প্রজ্ঞাপন

একনেকের সভা সাধারণত রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এসব সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।

একনেকের যাত্রা যেভাবে

স্বাধীনতার পর ১৯৭২ সালে মন্ত্রিসভাকে সাচিবিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে মন্ত্রিপরিষদ বিভাগের কাঠামো গড়ে ওঠে। পরবর্তী সময়ে দেশের উন্নয়ন পরিকল্পনা ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও কার্যকরভাবে পরিচালনার জন্য একনেকের কাঠামো নির্ধারণ করা হয়।

১৯৮২ সালে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী একনেকের গঠন ও কার্যাবলি নির্ধারণ করা হয়। ওই সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছিল। এতে শিল্প ও বাণিজ্য, পূর্ত এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরাও সদস্য হিসেবে যুক্ত ছিলেন।

আরও পড়ুন: শেষ ধাপে নতুন পে-স্কেল

১৯৯১ সালে দেশে গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠার পর সেপ্টেম্বরে অর্থমন্ত্রী একনেকের সভাপতি হন। একই বছরের অক্টোবর থেকে সরকারপ্রধান একনেকের সভাপতির দায়িত্ব নেন। পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে কমিটির গঠন ও কার্যপরিধিতে পরিবর্তন আনা হয়েছে।

২০১৪ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, একনেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী। তাঁর অনুপস্থিতিতে অর্থমন্ত্রী বিকল্প চেয়ারম্যান হিসেবে সভায় সভাপতিত্ব করেন।

কারা থাকেন একনেকে

একনেকের চেয়ারম্যান প্রধানমন্ত্রী। বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী। এ ছাড়া সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী একনেকের সদস্য হিসেবে থাকেন।

আরও পড়ুন: শাহজালালে হঠাৎ ইমিগ্রেশন সার্ভার বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

সড়ক পরিবহন ও সেতু, কৃষি, তথ্য, স্থানীয় সরকার, শিক্ষা, পরিকল্পনা, শিল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বাণিজ্য, গৃহায়ণ ও গণপূর্ত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা কমিটির সদস্য হিসেবে থাকেন। কোনো প্রকল্প আলোচনায় এলে সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রীও সভায় অংশ নেন।

কর্মকর্তারা কীভাবে সহায়তা করেন

একনেকের কার্যক্রম পরিচালনায় সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সহায়তা করেন। তাঁদের মধ্যে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব, পরিকল্পনা বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব।

আরও পড়ুন: ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

এ ছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবও প্রয়োজন অনুযায়ী একনেককে সহায়তা করেন। একনেকের ক্ষেত্রে ‘সচিব’ বলতে সিনিয়র সচিব ও ভারপ্রাপ্ত সচিবকেও বোঝানো হয়।

একনেকের প্রধান কাজ কী

একনেকের কার্যপরিধি বেশ বিস্তৃত। এর অন্যতম প্রধান কাজ হলো সরকারের বিনিয়োগ প্রকল্পের প্রস্তাব বা ডিপিপি বিবেচনা করে অনুমোদন দেওয়া।

এ ছাড়া-

  • সরকারি খাতে ৫০ কোটি টাকার বেশি বিনিয়োগ ব্যয়সংবলিত প্রকল্পে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশ বিবেচনা ও অনুমোদন;
  • উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা;
  • বেসরকারি, যৌথ বা অংশীদারত্বমূলক বিনিয়োগের প্রস্তাব বিবেচনা;
  • দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ;
  • সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড ও সংশ্লিষ্ট নীতি-নির্ধারণী বিষয় পর্যালোচনা;

বৈদেশিক সহায়তার বার্ষিক লক্ষ্যমাত্রা বিবেচনা ও অনুমোদন এবং তা অর্জনের অগ্রগতি পর্যালোচনা- একনেকের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

কেন গুরুত্বপূর্ণ একনেক সভা

একনেকের অনুমোদন ছাড়া সরকারের অনেক বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পথে এগোতে পারে না। সড়ক, সেতু, রেলপথ, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, পানি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতের বড় প্রকল্পের অর্থনৈতিক ও কারিগরি দিক যাচাইয়ের পর একনেকে তা উপস্থাপন করা হয়।

একনেকের সভায় প্রকল্পের প্রয়োজনীয়তা, সম্ভাব্য ব্যয়, বাস্তবায়নকাল এবং প্রত্যাশিত সুফলসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়। অনুমোদনের পর প্রকল্প বাস্তবায়নের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

ফলে একনেক শুধু প্রকল্প অনুমোদনের জায়গা নয়; সরকারের উন্নয়ন পরিকল্পনা, বিনিয়োগ সিদ্ধান্ত এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর নজরদারির একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবেও কাজ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া এনআইডি দেওয়ার সুযোগ নেই, রুল খারিজ

ছবি ছাড়া এনআইডি দেওয়ার সুযোগ নেই, রুল খারিজ

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

পাঁচ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী হচ্ছেন যারা

পাঁচ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী হচ্ছেন যারা

ঢাকা-চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেনের নকশা চূড়ান্ত

ঢাকা-চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেনের নকশা চূড়ান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App