ডেঙ্গু মশার বিস্তার রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পিএম
ছবি : সংগৃহীত
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সারা দেশে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরও যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, তাদের চিকিৎসায় কোনো ঘাটতি রাখা হচ্ছে না।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতির আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু চিকিৎসার জন্য দেশের প্রান্তিক পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক, স্যালাইন ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। ফলে কোনো রোগীকে চিকিৎসার জন্য ঢাকায় আসতে না হয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে দেশে হামের প্রকোপ মোকাবিলায় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে নতুন করে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলেও জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রীর মতে, বর্তমানে যারা হামে আক্রান্ত হচ্ছেন, তাদের অধিকাংশই টিকা নেননি।
তিনি বলেন, ব্যাপক প্রচার ও বিভিন্ন ধরনের টিকাদান ক্যাম্পেইনের পরও যারা টিকা নেননি, তাদের কথা বিবেচনা করেই সরকার নতুন করে এই উদ্যোগ নিয়েছে।
