×

জাতীয়

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০০ পিএম

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

ঢাকাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সবার কথা বাদ দিয়ে অন্তত নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সবার কথা বাদ দেন, নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি। আসুন, আমরা সবাই মিলে সেই চেষ্টা করি।’

নগরী পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, কোনো অভিভাবকই চান না তাঁর সন্তান নোংরা, জীবাণুযুক্ত ও অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠুক। একটি শিশু শুধু নিজের বাড়ি বা এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে না; তাকে স্কুল, কলেজ, খেলার মাঠসহ শহরের বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। তাই শুধু নিজ নিজ এলাকা নয়, পুরো ঢাকা শহর পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, ‘আপনার সন্তান তো শুধু আপনার এলাকায় থাকবে না। সে সারা ঢাকা শহরে বিচরণ করবে। কাজেই আসুন, আমরা সবাই মিলে চেষ্টা করি। চেষ্টা করলে আমরা পারব।’

ঢাকার অন্যতম বড় সমস্যা আবর্জনা ও অপরিচ্ছন্নতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ সমস্যা এক দিন কিংবা সাত দিনে সমাধান করা সম্ভব নয়। তবে সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করলে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব।

আরও পড়ুন: যে কারণে পদত্যাগ করলেন ইশরাক

সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, তাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নগরীর পরিচ্ছন্নতা সমস্যা সমাধানের সঙ্গে যুক্ত। পরিবর্তন আনতে সময় লাগলেও ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে নিজেদের ওপর আস্থা রাখা এবং কাজ করার সদিচ্ছা থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কর্মকর্তাদের দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি বিভিন্ন স্থানে গেলে সেখানকার সমস্যা খেয়াল করেন এবং পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফোন করে বিষয়গুলো জানান। সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরাও একইভাবে নগরীর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগী হলে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

এ প্রসঙ্গে যুক্তরাজ্যের লন্ডন শহরের উদাহরণ দেন তারেক রহমান। তিনি বলেন, ষাট ও সত্তরের দশকেও লন্ডনের অনেক এলাকায় ময়লা-আবর্জনা ছিল। দীর্ঘদিনের প্রচেষ্টা ও নাগরিক সচেতনতার মাধ্যমে সেখানকার পরিস্থিতির পরিবর্তন ঘটেছে।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশের পরিচ্ছন্ন শহর দেখে দেশে ফিরে অনেকেরই মনে হয়, নিজেদের শহরও যদি এমন হতো। কিন্তু শুধু আক্ষেপ করে বসে থাকলে চলবে না; নগরীকে পরিচ্ছন্ন রাখতে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

ঢাকার পরিচ্ছন্নতা পরিস্থিতিতে কিছুটা উন্নতি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করা ওই প্রতিষ্ঠানের একজন শীর্ষ ব্যক্তি সম্প্রতি তাঁর সঙ্গে দেখা করেন। এ সময় ঢাকার পরিবর্তন সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আগের তুলনায় শহরের পরিচ্ছন্নতা কিছুটা বেড়েছে।

তারেক রহমান বলেন, ‘তিনি কিন্তু বলেননি অনেক পরিবর্তন হয়েছে। বলেছেন, কিছুটা ভালো হয়েছে। তার মানে পরিবর্তন সম্ভব। আমরা সবাই মিলে চেষ্টা করলে আরও ভালো করা যাবে।’

নগরীর সড়ক ও বর্জ্য ব্যবস্থাপনার অগ্রগতি সম্পর্কেও নিয়মিত খোঁজখবর নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, কোথাও নতুন করে সড়ক বিভাজক তৈরি হচ্ছে, আবার কোথাও বর্জ্য স্থানান্তর কেন্দ্রের পরিস্থিতির উন্নতি হয়েছে। এসব উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

কর্মকর্তা-কর্মচারীদের আত্মমূল্যায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যের সমালোচনা করার পাশাপাশি নিজেদের দায়িত্ব পালনের বিষয়টিও পর্যালোচনা করা প্রয়োজন। প্রত্যেককে ভাবতে হবে, তিনি নিজের দায়িত্ব কতটা সঠিকভাবে পালন করছেন এবং সমস্যা সমাধানে কতটা আন্তরিকভাবে চেষ্টা করছেন।

এর আগে প্রধানমন্ত্রী নগর ভবনের জরুরি পরিচালন কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি আবহাওয়ার তথ্য, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ভূমিকম্পসংক্রান্ত হালনাগাদ তথ্য, বাতাসের গতিবেগ, বন্যার পূর্বাভাস এবং বায়ুর মান পর্যবেক্ষণের বিভিন্ন ওয়েবসাইট দেখেন। এসব তথ্য কীভাবে পর্যবেক্ষণ করা হয় এবং জরুরি পরিস্থিতি সম্পর্কে কীভাবে তথ্য পাওয়া যায়, সে বিষয়েও খোঁজ নেন তিনি।

এ ছাড়া ফেসবুক লাইভের মাধ্যমে রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর উন্নয়ন ও বিভিন্ন কার্যক্রম নিয়ে তৈরি একটি ভিডিওচিত্রও দেখেন তিনি।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ৩৫

হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ৩৫

৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩, মব সহিংসতায় ১৮৭

এইচআরএসএস’র প্রতিবেদন ৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩, মব সহিংসতায় ১৮৭

বিক্ষোভে উত্তাল ইতালি, ১৪১ পুলিশ সদস্য আহত-গ্রেপ্তার দু’শ

বিক্ষোভে উত্তাল ইতালি, ১৪১ পুলিশ সদস্য আহত-গ্রেপ্তার দু’শ

ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App